নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোক্ষম সময়ে জ্বলে উঠলেন সৌম্যা গুগুলথ। তাঁর গোলেই কল্যাণীতে ইন্ডিয়ান উওমেন্স লিগে সেতু এফসি’কে ১-০ গোলে হারাল ইস্ট বেঙ্গল। ৭৭ মিনিটে বল রিসিভ করে নামিয়ে দিয়েছিলেন সুলঞ্জনা রাউল। টপ বক্স থেকে বাঁ পায়ের জোরাল শটে জাল কাঁপান লাল-হলুদ উইং-হাফ। গত মরশুমে উওমেন্স লিগেও চ্যাম্পিয়ন হয় লাল-হলুদের প্রমীলা ব্রিগেড। এবারও খেতাব ধরে রাখতে মরিয়া তারা।
কয়েকদিন আগেই স্যাফ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। ধারাবাহিকতা বজায় রেখে কল্যাণীতে ৩ পয়েন্ট ছিনিয়ে নিলেন ফাজিলারা। প্রথমার্ধে সুযোগ তৈরি হলেও গোল করতে ব্যর্থ লাল-হলুদ ব্রিগেড। স্যাফে ৯ টি গোল করে সর্বাধিক স্কোরার হয়েছিলেন উগান্ডার ফাজিলা। এদিন কিছুটা নিষ্প্রভ ছিলেন তিনি। তাঁকে কড়া মার্কিংয়ে রাখে প্রতিপক্ষ রক্ষণ। শেষপর্যন্ত সৌম্যার লক্ষ্যভেদে স্বস্তি ফেরে ডাগ-আউটে। আগামী ২৭ ডিসেম্বর ইস্ট বেঙ্গলের পরের প্রতিপক্ষ গাড়োয়াল ইউনাইটেড।