পোর্টব্লেয়ার: মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রবিবার দুপুর ১২টা বেজে ৬ মিনিট নাগাদ আন্দামান সাগরে কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। সমুদ্রপৃষ্টের ৯০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সুনামির সতর্কতাও জারি হয়নি। শীতের শুরুতে আন্দামানে ও নিকোবরে ভিড় জমিয়েছেন পর্যটকরা। এদিন কম্পনের জেরে তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও প্রশাসনের তরফে তাঁদের আশ্বস্ত করা হয়। মালয়েশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই কম্পনে সুনামির কোনও আশঙ্কা নেই। প্রসঙ্গত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারতের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। এটি ভূমিকম্পের ‘জোন-৫’-এর মধ্যে পড়ে। এছাড়া জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাতের কচ্ছ এবং উত্তর বিহারও এই জোনের আওতায়। গত সপ্তাহেও আন্দামানে কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১।



