সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: এবছর পিতলের মণ্ডপসজ্জা দেখা যাবে ময়নাগুড়ির সানরাইজ ক্লাবের দুর্গাপুজোয়। দেবীনগরপাড়ার ১২ নম্বর ওয়ার্ডে সানরাইজ ক্লাবের কাঠামো পুজো ও প্রসাদ বিতরণ হল শনিবার উল্টোরথের দিন। এবছর ক্লাবের পুজোর ৭৩তম বর্ষ। ক্লাবের স্থায়ী দুর্গামণ্ডপে এদিন কাঠামো পুজো ধুমধামের সঙ্গে হয়েছে।
পুজোয় ময়নাগুড়িতে প্রতিবছরই চমক দিয়ে থাকে সানরাইজ ক্লাব। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, এবছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। থাকছে চন্দননগরের চোখ ধাঁধানো আলোকসজ্জা। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হচ্ছে মায়ের মূর্তি। সেটি তৈরি করছেন ময়নাগুড়ির শিল্পী। মণ্ডপশিল্পী বর্ধমানের কালনার। চলতি মাসের শেষ থেকেই শুরু হয়ে যাচ্ছে মণ্ডপ তৈরির কাজ। মহালয়ায় মণ্ডপের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে ।
এবছর পুজোর সভাপতির দায়িত্বে অরূপ দাশগুপ্ত। সহ-সভাপতি অরুণ রায় ও অসীম রায়। যুগ্ম সম্পাদক তুহিনকান্তি চৌধুরী (লাল্টু), ঝুলন সান্যাল। কোষাধ্যক্ষ শোভন চৌধুরী। এবছর মহালয়ায় থাকবে আগমনী অনুষ্ঠান। ক্লাবের পক্ষ থেকে ব্লকের কৃতী পড়ুয়াদের দেওয়া হবে সংবর্ধনা।
প্রতিবছর সানরাইজ ক্লাবের পুজো মণ্ডপে ভক্তদের বিশাল ভিড় দেখা যায়। মূল মন্দিরে প্রবেশের আগে থেকেই থাকে লাইটিং। পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারও চালানো হয়।
অরূপ, তুহিনক্রান্তি চৌধুরী ও ঝুলনরা বলেন, এবছর ময়নাগুড়িবাসীদের চমক দিতে চলেছি। আমাদের পুজো বিগ বাজেটের। মণ্ডপ তৈরি হচ্ছে পিতল, প্লাই, বাঁশ সহ নানা সামগ্রী দিয়ে। আমাদের আশা, এই মণ্ডপ প্রত্যেক বয়সের দর্শনার্থীদের মনে আলাদা জায়গা করে নেবে। নিজস্ব চিত্র।