চেন্নাই: ২০২৬ বিশ্বকাপের আগে হাতে মাত্র আর এক বছর সময়। চলছে বাছাই পর্বের লড়াই। এমন পরিস্থিতিতে হঠাৎই কোচ ছাঁটাইয়ের পথে হাঁটে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনার কাছে ১-৪ গোলে লজ্জার হারের পরই চাকরি হারান ডোরিভাল জুনিয়র। নতুন কোচ কে হবেন, তা এখনও পরিষ্কার নয়। এমন পরিস্থিতিতে আগামী বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না প্রাক্তন ফুটবলার তথা কোচ দুঙ্গা। রবিবার চেন্নাইয়ে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ব্রাজিল ও ভারতীয় ফুটবলের প্রাক্তনীরা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়দের হয়ে এই ম্যাচে অংশগ্রহণ করেন রোনাল্ডিনহো, রিভাল্ডো, গিলবার্তো সিলভার মতো তারকারা। সেই দলের কোচ হয়ে ভারতে পা রাখেন দুঙ্গা। আর ম্যাচের পর ব্রাজিল ফুটবলের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ উঠতেই একরাশ আশঙ্কার কথা শোনা গেল তাঁর গলায়। ২০১০ বিশ্বকাপে জাতীয় দলের দায়িত্বে থাকা এই সেলেকাও কোচ জানান, ‘আমাদের দেশে একাধিক ভালো মানের কোচ রয়েছেন। তবে বিশ্বকাপের আর মাত্র এক বছর বাকি। তাই দ্রুত কোচ নিয়োগ না করলে সমস্যা বাড়বে। নতুন যেই দায়িত্ব নিক না কেন, তাঁকে নিজের মতো করে দল গুছিয়ে নেওয়ার মতো সময় দিতে হবে। রাতারাতি সাফল্য আসে না। তার জন্য অনেক আগে থেকেই পরিকল্পনা শুরু করতে হয়। আমাদের দেশে প্রতিভার অভাব নেই। তবে কোথাও তাদেরকে সঠিকভাবে ব্যবহার করার লোকের অভাব ।’



