নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ঈদের আগে ওপার বাংলায় মাদকের ব্যাপক চাহিদা। মুর্শিদাবাদের লালগোলা থেকে সেই মাদক পাচার হচ্ছে বাংলাদেশে। এক একবারে কোটি কোটি টাকার হেরোইনের অর্ডার মিলছে ওপার থেকে। লালগোলা থেকে মাদক কিনে পাচারকারীরা জঙ্গিপুরের বাহুরা সীমান্ত দিয়ে তা পাচারের চেষ্টা করছে। সবথেকে বেশি পাচার হচ্ছে হেরোইন ও ব্রাউন সুগার। গত এক সপ্তাহে মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় ৪০ কোটি টাকার হেরোইন ও ব্রাউন সুগার উদ্ধার করেছে বিএসএফ। বাংলাদেশের এক মাদক কারবারিকে পাকড়াও করেছে বিএসএফ। তাকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে এনসিবি।
গত শুক্রবার লালগোলা থেকে বাংলাদেশে মাদক পাচারের চেষ্টা করছিল দুই কারবারি। পিরোজপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা তাদের ধাওয়া করে। এক পাচারকারী পালিয়ে যায়। রহমান শেখ নামের দ্বিতীয় পাচারকারীকে আটক করে বিএসএফ। তার বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। ধৃতের থেকে ৩.৩৮৭ কেজি হেরোইন উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৭৭ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন বিএসএফের আধিকারিকরা।
ওই রাতে লালগোলা থানার উত্তরের লতিবের পাড়ায় নাকা তল্লাশির সময়ে পুলিস মইদুল শেখ ও আনিসুর শেখ নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। মইদুলের বাড়ি লালগোলা থানার লতিবের পাড়া এবং আনিসুরের বাড়ি রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর আহমদপুরে। তাদের কাছ থেকে ৩৪৮ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। তারাও লালগোলা থেকে মাদক নিয়ে জঙ্গিপুরের দিকে পাচারের চেষ্টা করছিল।
অপরিদকে, গত ১৬ মার্চ প্রায় ৩০ কোটি টাকার হেরোইন সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। পিঠের ব্যাগে ভরে হেরোইনের প্যাকেট পাচারের চেষ্টা করছিল সে। রঘুনাথগঞ্জের তালাইয়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে কুরবান শেখ নামের এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে প্রায় তিন কেজি হেরোইন উদ্ধার করে পুলিস। ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণশাইল খড়কাটি গ্রামে। ধৃত যুবক সড়ক পথে এসে তালাইয়ে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। হাত বদল করতেই মাদকগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিস। সেও লালগোলা থেকেই মাদক নিয়ে আসছিল বলেই জানা গিয়েছে। প্রায় তিন সপ্তাহ আগে এই এলাকা থেকে এক কেজি ব্রাউন সুগার সহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিস। উদ্ধার হওয়া মাদক বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল কারবারিদের। বিএসএফের এক আধিকারিক বলেন, সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতেই গত এক সপ্তাহে বিপুল পরিমাণে হেরোইন ও ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। জঙ্গিপুরের বাহুরা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা মাদক পাচারের চেষ্টা চালাচ্ছে। ওই এলাকায় আমাদের জওয়ানরা পাহারা বাড়িয়েছে। -নিজস্ব চিত্র