সংবাদদাতা, ডোমকল: নির্বাচন কমিশনের তরফে প্রচুর ভোটারকে ধরানো হচ্ছে শুনানির নোটিস। অল্প সময়ের মধ্যেই তাঁদের শুনানিতে ডাকা হচ্ছে। যার জেরে অনেকেই নথি জোগাড় করতে দিশেহারা হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে নথি দিতে ছুটির দিনেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিল ডোমকলের মধুরকুল পঞ্চায়েত। রবিবারের পাশাপাশি সোমবার সাধারণতন্ত্র দিবসেও পঞ্চায়েত অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। কমিশনের তরফে লজিকাল ডিসক্রিপেন্সির নামে বহু মানুষকে নোটিস পাঠানো হচ্ছে। শুনানিতে কোন নথি লাগবে-তা নিয়ে গ্রামাঞ্চলের বহু মানুষের কাছেই স্পষ্ট ধারণা নেই। সেজন্য নোটিস হাতে পেয়েই অনেকে পঞ্চায়েত অফিসে দৌড়চ্ছেন। মধুরকুলে শনিবার রাতে, এমনকি রবিবার সকালেও বহু ভোটারকে শুনানির নোটিস ধরানো হয়েছে। ভোগান্তি এড়াতে বংশতালিকা, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সহ নানা নথি জোগাড় করতে দৌড়ঝাঁপ শুরু করেছেন গ্রামবাসীরা। ভোটার তালিকা থেকে নাম যাতে বাদ না পড়ে, সেজন্য বহু মানুষ যার মুখে যে নথির কথা শুনছেন-তাই সংগ্রহে নেমে পড়ছেন।পরিস্থিতির গুরুত্ব বুঝে মধুরকুল পঞ্চায়েত শনিবারই ঘোষণা করে, সরকারি ছুটি থাকা সত্ত্বেও রবিবার ও সোমবার পঞ্চায়েত অফিস খোলা থাকবে। রবিবার সকাল থেকেই পঞ্চায়েত অফিসে নথি সংগ্রহে দীর্ঘ লাইন পড়ে যায়।



