Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলেজের পুরস্কার বিতরণ নিয়ে বিবাদ, দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষ শ্রীরামপুরে

শ্রীরামপুর কলেজের ছাত্রদের দু’টি গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়েছে।

কলেজের পুরস্কার বিতরণ নিয়ে বিবাদ, দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষ শ্রীরামপুরে
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শ্রীরামপুর কলেজের ছাত্রদের দু’টি গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ওই ঘটনাকে কেন্দ্র করে শহরে টানটান উত্তেজনা ছিল। ভোররাতে পুলিস দু’জনকে গ্রেপ্তার করার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বুধবার ধৃত দু’জনকেই আদালতে পেশ করা হয়। 

Advertisement

কলেজ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা দু’জনেই কলেজ ছাত্র নয়। যুযুধান দুই পক্ষের তরফে খবর, ঘটনার সূত্রপাত গত নভেম্বর মাসে। সেই সময় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে একটি অভিযোগ উঠেছিল। দড়ি টানাটানি খেলার ফাইনালে পরাজিত একদল শিক্ষার্থী অভিযোগ তুলেছিল, জয়ী দলে বহিরাগতরা খেলেছে। তখনকার মতো বিষয়টি ধামাচাপা পড়ে যায়। গত মঙ্গলবার ওই খেলার পুরস্কার বিতরণ করা হয়। তখন নভেম্বরের জয়ী দলকেই পুরস্কার দেওয়া হয়। এনিয়েই কলেজের মধ্যে দু’দল ছাত্র বিবাদে জড়ায়। কলেজের পরেও দু’পক্ষের মধ্যে টানাপোড়েন চলতে থাকে। রাতে গঙ্গার ঘাটে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাতে দু’জন ছাত্র জখম হন। থানায় অভিযোগ জানাতে গিয়েও দু’পক্ষ থানার সামনেই মারামারিতে জড়ায়। পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে। গভীর রাতে পুলিস দু’জনকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুযুধান দু’পক্ষই তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক। কলেজে দু’টি গোষ্ঠীর মধ্যে ক্ষমতার দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। খেলার পুরস্কারের সূত্রে সেই বিবাদ উস্কে গিয়েছে। যদিও কলেজ কর্তৃপক্ষ এনিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অরিন্দম গুইন বলেন, দু’দল বহিরাগতের মধ্যে বিবাদ হয়েছে বলে শুনেছি। আইনশৃঙ্খলা বিষয়ক সমস্যা। পুলিস পদক্ষেপ করেছে। ওই ঘটনায় দলের ছাত্র সংগঠনের যোগ নেই। শ্রীরামপুর থানার পুলিস জানিয়েছে, দু’টি অভিযোগ জমা পড়েছে। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ