চেন্নাই: মন্থর পিচে স্পিনের টক্কর! রবিবার সন্ধ্যায় মেরিনা বিচের পাড়ে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই এভাবেই চিহ্নিত হচ্ছে। সিএসকে ঘরের মাঠের সুবিধা নেওয়ার জন্য এবার নিলামে নিয়েছে রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, শ্রেয়স গোপাল, দীপক হুদাদের। সঙ্গে রবীন্দ্র জাদেজা তো রয়েইছেন। মুম্বইয়ের স্পিন শক্তি অবশ্য এতটা তীক্ষ্ণ নয়। তবে চেন্নাইয়ের প্রাক্তনী মিচেল স্যান্টনারকে পাচ্ছে তারা। রয়েছেন মুজিব উর রহমান, কর্ণ শর্মাও।
দু’দলই ট্রফি জিতেছে পাঁচবার। চেন্নাইয়ের পাঁচটি ট্রফি এসেছে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে। মুম্বইয়ের ক্ষেত্রে সেটাই আবার রোহিত শর্মার মাধ্যমে। পাঁচ ট্রফি জয়ী দুই অধিনায়কই রবিবার থাকছেন মাঠে। কিন্তু তাঁরা কেউই নেতৃত্বে নেই। সিএসকে’র হয়ে টস করতে যাবেন ঋতুরাজ গায়কোয়াড়। তবে ধোনির হাতেই থাকছে রিমোট। ৪৩ বছর বয়সিকে নিয়েই আগ্রহ বেশি ক্রিকেট মহলে। অন্যদিকে, গত মরশুমে মুম্বইয়ের নেতৃত্বে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। তা নিয়ে কম বিতর্ক হয়নি। তবে এই ম্যাচে হার্দিক নেই। গত মরশুমে মন্থর ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত তিনি। হার্দিকের পরিবর্তে মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে না এক নম্বর স্ট্রাইক বোলার যশপ্রীত বুমরাহকেও। আইপিএলের গোড়ার দিকে তাঁকে পাওয়া যাবে না। এখনও চোট সারিয়ে উঠতে পারেননি তিনি। ফলে ধোঁয়াশা থাকছেই।
চেন্নাইয়ের প্রথম এগারোয় একটা জায়গা নিয়ে আবার সংশয় থাকছে। ওপেনিংয়ে ঋতুরাজের সঙ্গী কে হবেন? রাচীন রবীন্দ্র নাকি ডেভন কনওয়ে? দুই কিউয়ির মধ্যেই খেলবেন একজন। তবে স্পিন করানোর দক্ষতার জন্য এগিয়ে রাচীন। এরপর রাহুল ত্রিপাঠি, শিবম দুবে, দীপক হুদা, বিজয় শঙ্কর। জাদেজা, ধোনি, অশ্বিন— ব্যাটিং গভীরতা মারাত্মক চেন্নাইয়ের। খুব একটা পিছিয়ে নেই মুম্বইও। শুরুতে রোহিত। হিটম্যানের সঙ্গী অবশ্য ঈশান কিষান নন। তাঁর জায়গায় নামতে চলেছেন প্রোটিয়া কিপার রিয়ান রিকলটন। ঈশানের শূন্যতা তিনি ভরাট করতে পারেন কিনা সেটাই দেখার। মিডল অর্ডারে তিলক ভার্মা, সূর্যকুমারের সঙ্গে দেখা যেতে পারে উইল জ্যাকসকে।
বুমরাহর অনুপস্থিতি সত্ত্বেও ইন্ডিয়ান্সদের পেস বোলিং শক্তিহীন নয়। ট্রেন্ট বোল্ট ও দীপক চাহার শুরুতে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা ধরেন। আছেন রিসে টপলেও। তুলনায় চেন্নাইয়ের পেস বিভাগ অনভিজ্ঞ। স্যাম কারান, মাথিশা পাথিরানা ছাড়া রয়েছেন আনশুল কম্বোজ, মুকেশ চৌধুরি, কমলেশ নাগারকোটিরা।
দু’দল মোট ৩৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২০ বার জিতেছে মুম্বই। চেন্নাই জিতেছে ১৭ বার। শেষ সাত সাক্ষাতে অবশ্য পাল্লা ভারী সিএসকে’র। তারা জিতেছে পাঁচটিতে। মুম্বই জিতেছে দু’টিতে। দু’দলের শেষ তিন সাক্ষাতেও হারেনি চেন্নাই। চিপকে সেই রেকর্ড বজায় রাখাই লক্ষ্য ধোনিদের। অন্যদিকে, গত মরশুমের হতাশা মুছে ফেলে নতুনভাবে শুরু করতে মরিয়া রোহিতরা।