Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

উপাদেয় ডাম্পলিং

সেদ্ধ খাবারের সঙ্গে নাকি স্বাদের আড়ি। এমন কথা মোটেও মানতে চান না ডিমসাম স্টোরির কর্ণধার অনির্বাণ চক্রবর্তী। ডাম্পলিং বা সুইমাই-এর মতো পদগুলো চেখে দেখলেই বোঝা যাবে ভাপানো পদেও স্বাদ ধরা থাকে।

উপাদেয় ডাম্পলিং
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সেদ্ধ খাবারের সঙ্গে নাকি স্বাদের আড়ি। এমন কথা মোটেও মানতে চান না ডিমসাম স্টোরির কর্ণধার অনির্বাণ চক্রবর্তী। ডাম্পলিং বা সুইমাই-এর মতো পদগুলো চেখে দেখলেই বোঝা যাবে ভাপানো পদেও স্বাদ ধরা থাকে।   

Advertisement

আমরা অনেক সময় মোমোর সঙ্গে ডিমসাম বা ডাম্পলিং গুলিয়ে ফেলি। কিন্তু দুটো এক নয়। মোমো তিব্বতি খাবার। ডিমসাম চীনে। মোমোর ক্ষেত্রে সাধারণত ময়দা ব্যবহার করা হয়। ডিমসাম বা ডাম্পলিংয়ের ক্ষেত্রে নানা ধরনের স্টার্চ (আলু, বিট, গাজর) ময়দার সঙ্গে মেশানো হয়। এই কারণে এই পদটি পুষ্টিকর ও সুস্বাদু। ডিমসাম স্টোরি রেস্তরাঁর কর্ণধার অনির্বাণ চক্রবর্তী বললেন, ‘আমাদের শহরে একটু দামি রেস্তরাঁ ছাড়া এই পদটি খুব একটা পরিবেশন করা হয় না। ফলে সাধ থাকলেও তা অল্পবয়সিদের সাধ্যের বাইরে চলে যায়। সেই কারণেই যখন রেস্তরাঁ খোলার কথা ভাবি তখন ডিমসাম, ডাম্পলিং বা সুইমাই নিয়ে কাজ করতে চেয়েছিলাম।’ রেস্তরাঁর নামের সঙ্গে সামঞ্জস্য রেখে মেনুতেও অনেক ধরনের ডাম্পলিং রাখা হয়েছে। পাশাপাশি চীনে পদের বিভিন্ন ধরনও পাবেন।  তবে অল্পবয়সিরা ডিমসাম সুইমাই ইত্যাদি খুবই ভালোবেসে খাচ্ছে। আজকাল বিশ্বায়নের সুবাদে বিদেশি খাবার ভারতেও জনপ্রিয় হয়ে উঠেছে। তার নানারকম বিষয়ে আমরা সচেতন। সেই সচেতনতাই নতুন প্রজন্মকে খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে উদ্যত করছে। এই রেস্তরাঁর কর্ণধার সেই চাহিদা অনুযায়ী চীনে মেনুর মধ্যেও নতুনত্ব আনার চেষ্টা করেছেন।

স্পাইসি থাই চিকেন ডাম্পলিং

উপকরণ: ময়দা, বিট ও পট্যাটো স্টার্চ মিলিয়ে ৫০০ গ্রাম, ফিলিংয়ের জন্য: চিকেন কিমা ৫০০ গ্রাম, লেমনগ্রাস ৭০ গ্রাম, থাই কারি মিক্স ৭০ গ্রাম, গন্ধরাজ লেবুর জেস্ট ৪০ গ্রাম, লেবু ১টা, পেঁয়াজ কুচি ৪০০ গ্রাম, লঙ্কা কুচি ৬০ গ্রাম, অল স্পাইসেস ৭০ গ্রাম, অয়েস্টার স্যস ২০ গ্রাম, নুন স্বাদ মতো।

পদ্ধতি: ময়দা আর পট্যাটো স্টার্চের সঙ্গে স্বাদ মতো নুন মিশিয়ে নিন। এবার খুব অল্প অল্প করে গরম জল মিশিয়ে তা একসঙ্গে মাখতে থাকুন। মাখাটা খুব নরম বা শক্ত যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। এবার ফিলিংয়ের জন্য সব উপকরণ একটা বড় বাটিতে নিন। চামচের সাহায্যে তা একসঙ্গে মিশিয়ে নিন। এবার ময়দার মিশ্রণ থেকে ছোট লেচি নিয়ে তা পাতলা করে বেলে নিন। তার ঠির মাঝখানে এক চামচ পুরের মিশ্রণ দিন। তারপর বেলা ময়দা চারপাশ থেকে ডাম্পলিংয়ের মতো করে মুড়ে দিন। উপর দিকটা ফাঁক রাখুন। এইভাবে সবগুলো ডাম্পলিং গড়ে নিন। তারপর তা স্টিমারে সাজিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিন অন্তত দশ মিনিট। তারপর আঁচ থেকে নামিয়ে খানিকক্ষণ ঢাকা বন্ধ অবস্থা঩তেই রেখে দিন। খানিকক্ষণ পরে ঢাকা খুলে পছন্দসই স্যস বা ডিপ সহযোগে পরিবেশন করুন।

 

চিকেন সুইমাই

উপকরণ:  ময়দা ৫০০ গ্রাম, ফিলিংয়ের জন্য: চিকেন কিমা ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ৪০০ গ্রাম, আদা কুচি ২০ গ্রাম, ধনেপাতা কুচি ৪০ গ্রাম, লঙ্কা কুচি ১৫ গ্রাম, পেঁয়াজ শাক কুচি ৬০ গ্রাম, রসুন কুচি ভেজে নেওয়া ৪০ গ্রাম, অল স্পাইসেস ৫০ গ্রাম, অয়েস্টার স্যস ৬০ গ্রাম, তিলের তেল ৩০ গ্রাম, গাজর মিহি করে কুচানো ৮০ গ্রাম, নুন স্বাদ মতো।

পদ্ধতি: প্রথমে ময়দা আর নুন মিশিয়ে নিন। তারপর অল্প করে গরম জল দিয়ে তা মেখে নিন। মাখাটা খুব নরম বা শক্ত হবে না। এবার ফিলিংয়ের সব উপকরণ একসঙ্গে একটা বড় বাটিতে নিয়ে মেশান। বেশ ভালোভাবে একে অপরের সঙ্গে মিশিয়ে নেবেন। এরপর ময়দা থেকে লেচি নিয়ে তা পাতলা করে বেলে নিন। তার মাঝখানে ফিলিং এক চামচ করে দিন। তারপর ডিমসামের আকারে তা মুড়িয়ে নিন। এবার এগুলো স্টিমারে সাজিয়ে নিয়ে মিনিট দশেক ভাপিয়ে নিন। তারপর খানিকক্ষণ রেখে স্টিমারের ঢাকা খুলে একটা করে গাজর সাজিয়ে পরিবেশন করুন।   

Advertisement
সম্পর্কিত সংবাদ