Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার অপরাধ, নারী-শিশু সুরক্ষায় বাংলার জন্য দিল্লির বরাদ্দ নামমাত্রই

নারী ও শিশুদের উপর সাইবার অপরাধ মোকাবিলায় নাকি বিশেষ তৎপর মোদি সরকার। এমনই প্রচার করে বেড়ান কেন্দ্রের মন্ত্রীরা।

সাইবার অপরাধ, নারী-শিশু সুরক্ষায় বাংলার জন্য দিল্লির বরাদ্দ নামমাত্রই
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারী ও শিশুদের উপর সাইবার অপরাধ মোকাবিলায় নাকি বিশেষ তৎপর মোদি সরকার। এমনই প্রচার করে বেড়ান কেন্দ্রের মন্ত্রীরা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও বাজেট পাঠের সময় ফলাও করে জানান, সাইবার অপরাধ দমনে বরাদ্দ কতটা বাড়িয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় বরাদ্দে নজর করলেই মালুম হয় যে, গোটাটাই প্রচারসর্বস্ব একটা ব্যাপার। এই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রকল্পের অর্থ বণ্টনের ক্ষেত্রেও দিল্লির বঞ্চনার শিকার বাংলা। বরাদ্দ কমতে কমতে এবার মাত্র ২৬ লক্ষ টাকায় এসে ঠেকেছে। 

Advertisement

সাইবার অপরাধীদের ‘সফট টার্গেট’ নারী ও শিশু। বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাদের ফাঁদে ফেলে টাকা হাতানো চলছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম পোর্টালের পরিসংখ্যান বলছে, ২০২০ সালে নারী ও শিশুকে ঘিরে সাইবার জালিয়াতির অভিযোগ সংখ্যা ২২,১৮৮। সংখ্যাটি গতবছর একলাফে বেড়ে হয়েছে ৪৮,৪৭৫। এটি নিঃসন্দেহে উদ্বেগজনক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাইবার প্রতারকদের পাল্লায় পড়ে টাকা খুইয়েছেন এমন প্রতারিত ব্যক্তির সংখ্যা ২০২০ সালে ছিল ৫৬,২৮৩। গতবছর সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ১,৫৬,৯৩৮-এ।
কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, ২০১৭ সালের পর থেকে নারী ও শিশুদের উপর যে সাইবার অপরাধ হয়, তার মোকাবিলায় কেন্দ্রীয় বাজেট বরাদ্দের পরিমাণ ক্রমেই কমছে। সরকারি তথ্য অনুসারে, ২০১৭-১৮ সালে সমস্ত রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছিল ৯৩.১৩ কোটি টাকা। ২০১৮-১৯ সালে এই খাতে বরাদ্দ নেমে আসে শূন্যে! পরবর্তী চারটি অর্থবর্ষের মধ্যে একমাত্র ২০২০-২১ সালে দেওয়া হয় ৩৬ কোটি টাকার সামান্য বেশি। বাকি বছরগুলিতে অবস্থা ছিল অত্যন্ত খারাপ। ২০২৩-২৪ অর্থবর্ষে দেওয়া হয়েছিল ১০.৬৯ কোটি টাকা।
২৮টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়েই ভারত। মোট বরাদ্দ থেকে বিভিন্ন রাজ্যের ভাগে যা টাকা পড়েছে তা অত্যন্ত কম। সেই যৎকিঞ্চিৎ ব্যয় বরাদ্দেও ঘটছে বৈষম্য। সূত্রের খবর, বিজেপি-শাসিত রাজ্যের তুলনায় অন্য রাজ্যগুলিতে বরাদ্দ অনেকটাই কম। নারী ও শিশুদের উপর সাইবার অপরাধ মোকাবিলায় নজরদারি এবং সচেতনামূলক ক্যাম্প করছে বাংলা ও তেলেঙ্গানা। অথচ তাদের ক্ষেত্রেই অত্যন্ত কম অর্থ বরাদ্দ করা হয়েছে। 
স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় ২০১৭-১৮ সালে বরাদ্দ অর্থের পরিমাণ ছিল ৪.৩৬ কোটি টাকা। সেখানে পরপর তিনটি অর্থবর্ষে কানাকড়িও দেওয়া হয়নি। ২০২১-২২ অর্থবর্ষে ২৪ লক্ষের মতো বরাদ্দ করা হলেও ২০২২-২৩ সালে কোনও টাকাই আসেনি দিল্লি থেকে। মাত্র ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে ২০২৩-২৪ সালে। কেন্দ্রীয় বঞ্চনার কারণে জেলাগুলিকেও পর্যাপ্ত টাকা দিতে পারছে না রাজ্য সরকার। ওইসঙ্গে থমকে রয়েছে—সাইবার অপরাধ মোকাবিলায় নতুন সফটওয়‌্যার ও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় এবং ফরেন্সিক ল্যাব তৈরির কাজ।

Advertisement
সম্পর্কিত সংবাদ