Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত রিজভি, পাঞ্জাবকে হারাল দিল্লি ক্যাপিটালস

দুরন্ত রিজভি, পাঞ্জাবকে হারাল দিল্লি ক্যাপিটালস
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: প্লে-অফের আশা আগেই শেষ হয়েছিল। তবে জয় দিয়ে আইপিএল অভিযান শেষ করল দিল্লি ক্যাপিটালস। শনিবার জয়পুরে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে বশ মানিয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। প্রথমে ব্যাট করে পাঞ্জাব তুলেছিল ৮ উইকেটে ২০৬। জবাবে ৩ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় দিল্লি (২০৮/৪)। সৌজন্যে সমীর রিজভির ২৫ বলে অপরাজিত ৫৮ রানের অনবদ্য ইনিংস। এমনকী শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান ম্যাচের নায়ক। সেই সুবাদে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল ক্যাপিটলাস। আর দ্বিতীয় স্থানে থাকা পাঞ্জাবের সংগ্রহ ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট।

Advertisement

২১ বছরের সমীর রিজভি ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলেন। অতীতে তিনি চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে চাপিয়েছেন। এবার মেগা নিলামে ৯৫ লক্ষ টাকায় তাঁকে দলে নেয় দিল্লি। অবশ্য শুরুর দিকে কয়েকটি ম্যাচে সুযোগ পেলেও সেভাবে দাগ কাটতে পারেননি। তবে শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে জ্বলে উঠল তাঁর ব্যাট। রান তাড়া করতে নেমে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন লোকেশ রাহুল (৩৫) ও করণ নায়ার (৪৪)। ডু’প্লেসির ব্যাট থেকেও আসে ২৩ রান। এই তিনজন আউট হওয়ার পর চাপে পড়ে গিয়েছিল দিল্লি। তবে ধাক্কা সামলে দলকে ভরসা জোগালেন রিজভি। মাত্র ২২ বলে আইপিএলে প্রথম অর্ধশতরান পূর্ণ করেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য ক্যাপিটালসের দরকার ছিল ৮ রান। তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান রিজভি। তাঁকে যোগ্য সঙ্গত করেছেন ট্রিস্টান স্টাবস (অপরাজিত ১৮)।
তার আগে টস জিতে ফিল্ডিং নেন দিল্লির অধিনায়ক ডু’প্লেসি। প্রথমে ব্যাট করতে নেমে দু’শোর বেশি রান তোলে পাঞ্জাব। দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছেন ক্যাপ্টেন শ্রেয়স আয়ার (৫৩)। এছাড়া শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন মার্কাস স্টোইনিস (অপরাজিত ৪৪)।

Advertisement
সম্পর্কিত সংবাদ