জলপাইগুড়িতে বস্তায় মিলল হরিণের শিং, তদন্ত বনদপ্তরের
  • ২ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: বস্তাবন্দি হরিণের শিং উদ্ধার। আজ, শুক্রবার দুপুরে জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েত এলাকার একটি ভুট্টা ক্ষেতে হরিণের শিং বোঝাই ওই বস্তাটি পড়ে থাকতে দেখা যায়। বিকাশ সরকার নামের এক কৃষকের নজরে পড়ে ওই বস্তাটি। এরপর বস্তার মুখ খুলতেই দেখা যায় সেটিতে হরিণের শিং রয়েছে। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে খবর দেন ওই কৃষক। খবর দেওয়া হয় পুলিস ও বনদপ্তরকেও। অকুস্থলে এসে হরিণের শিং বোঝাই ওই বস্তাটি উদ্ধার করে নিয়ে যান বনদপ্তরের কর্মীরা। এই ঘটনায় কর্তব্যরত বনকর্মীরা জানিয়েছেন, প্রায় ৮ কেজি ২০০ গ্রাম হরিণের শিং উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে পাচারের জন্যই ওই শিং ভর্তি বস্তাটি ফসলের ক্ষেতের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। এই ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।

Advertisement