Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গভীর নিম্নচাপ, আজ থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির শঙ্কা

বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করবে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গের উপর আসবে। নিম্নচাপের পাশাপাশি মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে বেশি মাত্রায় বৃষ্টি হবে।

গভীর নিম্নচাপ, আজ থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির শঙ্কা
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করবে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গের উপর আসবে। নিম্নচাপের পাশাপাশি মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে বেশি মাত্রায় বৃষ্টি হবে। আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও অত্যন্ত গভীর বৃষ্টির (২৪ ঘণ্টায় ২০০ মিমির বেশি) সম্ভাবনা থাকছে। এজন্য ‘লাল’ সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭০-২০০ মিমি) ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির (৭০-১১০ মিমি) সম্ভাবনা আছে। শনি ও রবিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গলবার কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝোড়ো হাওয়া জোরালো হাওয়ার জন্য সমুদ্র উত্তাল হবে। তাই আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisement

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, আজ শুক্রবার সারাদিন ও শনিবার সকাল পর্যন্ত কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব বেশি থাকবে বলে তাঁরা মনে করছেন। রেডারে মেঘের যে গতিবিধি ধরা পড়েছে তাতে এই এলাকায় বৃহস্পতিবার গভীর রাত থেকেই বেশি মাত্রায় বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে আগামী কয়েকদিন বেশি মাত্রায় বৃষ্টি হবে। নিম্নচাপটির গতিপ্রকৃতির নিরিখে দক্ষিণবঙ্গের চেয়ে ওড়িশায় বেশি বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ ওড়িশার অনেক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। 
বৃহস্পতিবার সকালে উত্তর বঙ্গোপসাগরে মধ্য অংশে নিম্নচাপটি সৃষ্টি হয়। মূলত দক্ষিণ চীন সাগরের টাইফুন ঝড়ের অবশিষ্টাংশ বঙ্গোপসাগরে ঢুকে পড়ার কারণেই এই নিম্নচাপটি তৈরি হয়েছে। এটি আরও শক্তি বাড়িয়ে প্রথমে সুস্পষ্ট এবং পরে গভীর নিম্নচাপ হবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। নিম্নচাপটি উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে আসবে। 
আবহাওয়া অধিকর্তা জানান, নিম্নচাপটি দক্ষিণবঙ্গ, ওড়িশা হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার পরেও মৌসুমি বায়ু সক্রিয় থাকবে। এই কারণে আগামী কয়েকদিন বেশি মাত্রায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগস্ট মাসের শুরুতেই উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে সেটির পক্ষে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম।

Advertisement
সম্পর্কিত সংবাদ