নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সামনেই গ্রীষ্মের ছুটি। এখনও দিনকয়েক খোলা থাকবে স্কুল। তীব্র গরমে পড়ুয়াদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য জেলাশাসকের নির্দেশে বিদ্যালয় পরিদর্শকের অফিসের তরফে প্রতিটি স্কুলে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। মিড ডে মিলের খাবারের দিকে নজর দিতে বলা হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত সামন্ত বলেন, প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের বেশকিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। রোদের হাত থেকে বাঁচতে সকলেই ছায়া খুঁজতেই ব্যস্ত। স্কুলপড়ুয়াদের নিয়ে জেলা প্রশাসন যথেষ্ট উদ্বিগ্ন। স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, গাছের ছায়ায় প্রার্থনা করাতে হবে। সেইসঙ্গে জেলা প্রশাসনের নির্দেশে একাধিক স্কুল কর্তৃপক্ষ মিড ডে মিলের মেনুতেও অনেকটাই বদল এনেছে। অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে কোনও স্কুল কর্তৃপক্ষ মেনুতে আম-ডাল, আবার কোনও স্কুল লাউ ডাল তৈরি করছে। পাশাপাশি বেশিরভাগ স্কুলই তেল-মশলা এড়িয়ে চলার চেষ্টা করছে। স্কুলগুলিতে পড়ুয়াদের পর্যাপ্ত জলপানের পাঠও দেওয়া হচ্ছে। একাধিক স্কুল ওআরএস মজুত করে রাখার ক্ষেত্রেও জোর দিয়েছে। রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীরকুমার দাস বলেন, রোদ এড়িয়ে গাছের ছায়ায় প্রার্থনার ব্যবস্থা করা হচ্ছে। সেইসঙ্গে দোতলার পড়ুয়াদের একতলায় ক্লাসরুমে বসানোর ব্যবস্থা করা হয়েছে। ওআরএস মজুত করা হয়েছে। খাবারে আম-ডাল, আলুপোস্ত থাকছে। কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইন্সটিটিউশনের টিআইসি যামিনীকান্ত সাহা বলেন, আমাদের স্কুলে শেডের নীচে প্রার্থনা হয়। গরমের কথা মাথায় রেখে মিড ডে মিলের মেনুতে লাউ ডাল সহ সহজপাচ্য খাবার থাকছে।