নিজস্ব প্রতিনিধি, বারাসত: মৃত গৃহকর্তাকে বাবা সাজিয়ে এদেশের ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল এক ‘বাংলাদেশি’ নাগরিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বারাসতে জেলাশাসকের অফিসে এসে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের মেয়ে। অভিযুক্ত ‘বাংলাদেশি’র দাবি, ওই বৃদ্ধ তাঁকে পালিত সন্তানের স্বীকৃতি দিয়েছিলেন। সেই সূত্রেই তিনি ভোটার হয়েছেন। বহু বছর তিনি এদেশে রয়েছেন এবং ভোট দিচ্ছেন। জেলা প্রশাসনের তরফে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। অশোকনগরের ভুরকুণ্ডা পঞ্চায়েতের ঈশ্বরিগাছা গ্রামের বাসিন্দা ছিলেন হরিপদ সাউ। পরবর্তীকালে বাংলাদেশ থেকে এসে তাঁর বাড়িতেই কেয়ারটেকারের কাজ নিয়েছিলেন ভোলানাথ মণ্ডল। বহু বছর আগে হরিপদবাবুর মৃত্যু হয়েছে। গৃহকর্তার মৃত্যুর পরেও ভোলানাথবাবু ওই বাড়িতে রয়ে যান। অভিযোগ, মৃত হরিপদ সাউকে নিজের বাবা সাজিয়ে এদেশের ভোটার তালিকায় নাম তুলেছিলেন বাংলাদেশের নাগরিক ভোলানাথ মণ্ডল। এক্ষেত্রে ভুয়ো নথি দেখিয়ে তিনি ভোটার কার্ড বানিয়েছিলেন বলে অভিযোগ। বহু বছর তিনি এদেশে ভোটও দিয়েছেন। এতদিন এই তথ্য জানতেন না হরিপদবাবুর পরিবারের সদস্যরা। সম্প্রতি বিষয়টি জানতে পারেন হরিপদবাবুর মেয়ে কণিকা মণ্ডল। বৃহস্পতিবার তিনি আইনজীবীকে সঙ্গে নিয়ে বারাসতে জেলাশাসকের দপ্তরে এসে লিখিত অভিযোগ দায়ের করেন।



