সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উঠে এসেছে শিলিগুড়ির টেবল টেনিস প্যাডলার দয়িতা রায়। নিজের শহরে চলতি সপ্তম রাজ্য টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে দু’টি সোনা জিতে চমক দিয়েছে দয়িতা। ব্যক্তিগত বিভাগেও শিলিগুড়িকে প্রথম সোনা এনে দিয়েছে সে। মেয়েদের অনূর্ধ্ব ১১-র দলগত বিভাগে সোনা পেয়েছে শিলিগুড়ি। দয়িতা সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য।
মেয়ের এই সাফল্যে খুশি দীপঙ্কর রায়। কিন্তু আনন্দের মাঝেও দুশ্চিন্তা। মঙ্গলবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে দয়িতার বাবা বলেন, আমার মেয়ে সাড়া জাগিয়ে উঠে আসছে। দু’টি সোনা জিতেছে। তবে আনন্দের মাঝেও দুশ্চিন্তা রয়েছে। ওকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারব জানি না। টেবল টেনিসে প্রচুর খরচ। ছাপাখানায় কাজ করে যে উপার্জন করি তাতে ওর খেলা চালিয়ে যেতে হিমশিম খেতে হয়।
শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে মেয়েদের অনূর্ধ্ব ১১-র ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উত্তর ২৪ পরগনার দেবন্যা অরিকে ৩-০ গেমে হারায় কেন্দ্রীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। চম্পাসারিতে স্টেট গেস্ট হাউজের পিছনে দয়িতার বাড়ি। অভাব-অনটনের সংসার। প্রশিক্ষক মৃন্ময় চৌধুরী বলেন, এক বছর হল প্রতিযোগিতায় খেলা শুরু করেছে। এর মধ্যেই জোনালে রানার্স হওয়ার পর এবার রাজ্য চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতল দয়িতা। বোর্ডের বাইরেও লড়াই করতে হচ্ছে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উঠে আসছে দয়িতা। ওর বাবার সামান্য আয়ে সংসার চালিয়ে মেয়ের খেলা চালিয়ে যাওয়া কঠিন। ওর প্রতিভা রয়েছে। কিন্তু আর্থিক কারণে ওকে সব প্রতিযোগিতায় খেলতে পাঠানো যায় না। বেছে বেছে খেলাতে হয়। একটা প্রতিযোগিতায় খেলতে হলে এন্ট্রি ফি, যাওয়া-আসা, থাকা-খাওয়া সহ অনেক খরচ করতে
হয়।
এদিকে, এদিন সোনা জয়ের পর দয়িতা বলে, খুব ভালো লাগছে। কিন্তু আমি আরও বড় হতে চাই। আরও সোনার মেডেল জিততে হবে। বাবা-মা’র লড়াইকে সার্থক করতে আমাকে বড় হতে হবে।
দয়িতার ভালো খেলার পিছনে প্রশিক্ষক মৃন্ময় চৌধুরীর মতো দেবকুমার দে ওরফে কানুরও অবদান রয়েছে। ফিজিক্যাল ফিটনেস বজায় রেখে বোর্ডে দাপিয়ে বেরাতে দয়িতাকে তৈরি করছেন দেবকুমার দে। প্রতিদিন সকালে শিলিগুড়ি কলেজ মাঠে তিনি ফিজিক্যাল ট্রেনিং করান বিনামূল্যে। শিলিগুড়ির এই প্রাক্তন অ্যাথলিট দীর্ঘদিন ধরে শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ান ভালো ও দুঃস্থ খেলোয়াড়দের বিনামূল্যে ফিজিক্যাল ট্রেনিং দেওয়ার জন্য। দয়িতার এই সাফল্যে দেবকুমার দে’ও খুশি। • নিজস্ব চিত্র।