Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

একমাস চেয়ারম্যানহীন ডালখোলা পুরসভা, পরিষেবায় সমস্যা, সমালোচনা বিরোধীদের

প্রায় এক মাস ডালখোলা পুরসভায় চেয়ারম্যান পদ খালি। এর প্রভাব পড়ছে পুর পরিষেবায়। এমন অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা।

একমাস চেয়ারম্যানহীন ডালখোলা পুরসভা, পরিষেবায় সমস্যা, সমালোচনা বিরোধীদের
  • ৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: প্রায় এক মাস ডালখোলা পুরসভায় চেয়ারম্যান পদ খালি। এর প্রভাব পড়ছে পুর পরিষেবায়। এমন অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। ইতিমধ্যেই মহকুমা শাসকের অফিসে দ্রুত চেয়ারম্যান নির্বাচনের দাবি জানিয়েছে সিপিএম। ক্ষোভ প্রকাশ করেছে বিজেপিও। বিরোধীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কাজিয়ায় ব্যাহত হচ্ছে একাধিক পরিষেবা। বিষয়টি তারা আমজনতার সামনে প্রচারও করবে।

Advertisement

সিপিএমের ডালখোলা এরিয়া কমিটির সদস্য সুজিত দে সরকার বলেন, তৃণমূলের কোন্দলের জেরে চেয়ারম্যান নির্বাচন হচ্ছে না। এতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। বিল্ডিং প্ল্যান পাস হচ্ছে না। বিভিন্ন কাজে এসে বাসিন্দাদের ঘুরে যেতে হচ্ছে। এসডিওর সঙ্গে দেখা করে দ্রুত চেয়ারম্যান নির্বাচন করার দাবি জানিয়েছি।
বিজেপির ডালখোলা টাউন সভাপতি গৌতম দে ওরফে বাবুর অভিযোগ, নিজেদের স্বার্থসিদ্ধি করতে কে চেয়ারম্যান হবেন, তা নিয়ে তৃণমূলের কাজিয়া চলছে। অভিভাবকহীন অবস্থায় চলছে পুরসভা। এলাকার সাফাই, পানীয় জল পরিষেবা সহ নানা কাজ ব্যাহত হচ্ছে। কিন্তু এতে তৃণমূলের কিছু যায় আসে না। নেতারা আখের গোছাতে ব্যস্ত।
প্রায় এক মাস আগে দলের নির্দেশে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের স্বদেশ সরকার। তাঁর জায়গায় সুজনা দাসকে বসাতে চাইছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু দলের সিংহভাগ কাউন্সিলার বেঁকে বসায় চেয়ারম্যান নির্বাচন ঝুলে আছে। কাজ সামলাচ্ছেন ভাইস চেয়ারম্যান।
রাজনৈতিক মহলের আলোচনা, দলের ভাবমূর্তি ভাল করার জন্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে চেয়ারম্যান বদলের সিদ্ধান্ত নিয়েছে নেতৃত্ব। তবে নতুন করে কাউকে পদে বসাতে না পারায় বিরোধীরা সমালোচনা শুরু করেছে।
তৃণমূল কংগ্রেসের ডালখোলা টাউন সভাপতি বিকি দত্ত বলেন, বিরোধীরা অযথা বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। এসআইআর নিয়ে আমাদের নেতৃত্ব ব্যস্ত ছিল বলেই এতদিন চেয়ারম্যান নির্বাচনে বিলম্ব হয়েছে। শীঘ্রই নয়া চেয়ারম্যান বেছে নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ