Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাগীরথীতে দেখা মিলল কুমিরের

এদিন সকালে স্থানীয় ভাগীরথী তীরবর্তী বাসিন্দারা এবং নদীতে স্নান করতে আসা লোকজন কুমিরটি দেখতে পান।

ভাগীরথীতে দেখা মিলল কুমিরের
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: ফের কুমিরের দেখা মিলল ভাগীরথীতে। বুধবার সকাল থেকে এই খবর ছড়িয়ে পড়তেই নবদ্বীপ রানিরঘাট সংলগ্ন এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। এদিন সকালে স্থানীয় ভাগীরথী তীরবর্তী বাসিন্দারা এবং নদীতে স্নান করতে আসা লোকজন কুমিরটি দেখতে পান। এরপর বিষয়টি জানাজানি হতেই বহু মানুষ ভিড় করেন রানির ঘাটে। রানির ঘাট শৌচাগারের দেখভাল করেন বৃদ্ধা মীরা রায়। তিনি বলেন , নদীতে বেশ বড় একটা কুমির দেখলাম। জলের মধ্যে পিঠ উচু করে ভেসে যাচ্ছে। তখন বেশ কিছু মানুষ ঘাটে স্নান করছিলেন। অনেকেই ভয়ে জল থেকে উঠে আসেন।

Advertisement

পোড়াঘাটের বাসিন্দা দীপঙ্কর বৈদ্য বলেন, আনুমানিক সাড়ে নটা-দশটা নাগাদ আমার দুই বন্ধু শুভঙ্কর চক্রবর্তী, কৃষ্ণ কমল দাসকে নিয়ে এখানে একটি দোকানে চা খেতে এসেছিলাম। তারপর নদীর ঘাটে চিৎকার শুনে গিয়ে দেখি কুমির জলে ভাসছে। প্রথমে ভেবেছিলাম ঘড়িয়াল। তারপর কাছে গিয়ে দেখলাম বড় মাপের একটা কুমির। কুমিরটা জলে ভাসতে ভাসতে অপর প্রান্তে স্বরূপগঞ্জ জেটিঘাটের দিকে চলে গেল। খবর পেয়ে বুধবার দুপুরে বনদপ্তরের কর্মীরা এসে খানাতল্লাশি শুরু করেছিলেন। কিন্তু কুমিরটির কোনও সন্ধান পাওয়া যায়নি। তবে তাঁরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে বিস্তারিত খোঁজ খবর নেন। 
উল্লেখ্য, এর আগেও গত বছর বেশ কয়েকবার নবদ্বীপের ভাগীরথী নদীর বিভিন্ন এলাকায় কুমির দেখতে পাওয়া গিয়েছিল প্রাচীন মায়াপুর জন্মস্থান ঘাট, মণ্ডল পাড়া ঘাট এলাকায় কুমিরের দেখা মেলে। কিন্তু খবর পেয়ে কৃষ্ণনগরের বন দপ্তরের কর্মীরা এসে অনুসন্ধান করলেও সেইসময় কুমিরের কোনও খোঁজ মেলেনি। এদিনও খবর পেয়ে কুমিরের খোঁজে নদীর পাড়ে তল্লাশি শুরু করেছেন বন দপ্তরের কর্মীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ