Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে সিপিএম পঞ্চায়েত সদস্যদের যোগদান তৃণমূলে

এবার নবদ্বীপ বিধানসভার ভালুকা পঞ্চায়েতে সিপিএমে ভাঙন।

নবদ্বীপে সিপিএম পঞ্চায়েত সদস্যদের যোগদান তৃণমূলে
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: এবার নবদ্বীপ বিধানসভার ভালুকা পঞ্চায়েতে সিপিএমে ভাঙন। শুক্রবার সকালে নবদ্বীপ বড়ালঘাটে বিধায়কের কার্যালয়ে সিপিএম পরিচালিত ভালুকা পঞ্চায়েতের সিপিএমের নির্বাচিত দুই সদস্য রেকসোনা বিবি ও সমিতা বিবি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। এদিন দুই পঞ্চায়েত সদস্যর স্বামীরাও তৃণমূলে যোগ দিলেন। সমিতা বিবির স্বামী সামসুর শেখ ও রেকসোনা বিবি স্বামী আনার শেখ সহ কয়েকশো সিপিএম কর্মী সমর্থক এদিন তৃণমূলে যোগ দেন। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই দিকে দিকে সিপিএম, বিজেপি থেকে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। আরও অনেকেই যোগদান করার কথা ভাবছেন।  সিপিএম থেকে আসা পঞ্চায়েত সদস্য রেকসোনা বিবি ও সমিতা বিবিরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ আমাদের আকর্ষণ করেছে। যে জনমুখী প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের তৃণমূলে যোগদান। আমরা এই সময়ে সিপিএমে থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, জমির ফসলের ক্ষতিপূরণও পেয়েছি। এসব প্রকল্পের সুবিধা গ্রামের মানুষও পাচ্ছেন। সিপিএমের নদীয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুমিত বিশ্বাস বলেন, মানুষের ভোটে সিপিএমের প্রতীকে জিতেছিলেন। আজ অর্থের বিনিময়ে তৃণমূল যোগ দিয়েছেন। মানুষ এদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে তাদের ও টিএমসিকে যোগ্য জবাব দেবেন। উল্লেখ্য, ১৮ আসন বিশিষ্ট ভালুকা পঞ্চায়েতটিতে সিপিএম ৮টি, বিজেপি ৬টি, তৃণমূল ৩টি আসনে এবং একটি আসনে জয়ী হয়েছিল নির্দল। এদিন সিপিএমের দুই সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় সিপিএমের আসন সংখ্যা কমে হল ৬। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে হল ৫। • নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ