নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র দিনকয়েক আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বাম কর্মী-সমর্থকদের একবারের জন্য পদ্মফুলে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সম্প্রতি একটি সমাবেশ থেকে বিজেপির ‘বন্ধু’দের ‘ভেবে দেখার’ আহ্বান জানিয়েছেন। বিজেপি ও সিপিএমের এমন দড়ি টানাটানি কি আসলে দ্বিতীয় হওয়ার লড়াই? এই প্রশ্নই উঠেছে রাজনৈতিক মহলে। এসব শুনে তৃণমূল কিন্তু একরাশ কটাক্ষ ছুড়ে দিয়েছে। মীনাক্ষী বিজেপির কর্মী-সমর্থকদের উদ্দেশে আহ্বান, ‘ভাই ভেবে দেখুন ভালো করে। বন্ধুরা আমাদের ভালো করে ভেবে দেখুন।’ ওই সমাবেশ থেকে তাঁর ব্যাখ্যা, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আদৌ তৃণমূলকে টাইট দিতে চায় না। অর্থাত্, বিজেপি যেমন সিপিএমের সমর্থন চাইছে। তেমনই সিপিএমও কি ঘুরিয়ে সেই বিজেপির সমর্থকদের সমর্থন চাইছে? ইতিহাস বলছে, ২০১১ সালের পর থেকে বিরোধী দল বদলেছে বাংলায়। শক্তি বাড়িয়ে শাসক কিন্তু তৃণমূলই থেকে গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে সেই বিরোধী জায়গা ফিরে পাওয়ার লড়াই শুরু করছে সিপিএম?



