সংবাদদাতা, মানকর: ঝাঁ চকচকে জাতীয় সড়ক। সেখানেই উঠে যাচ্ছে গোরু, মোষ। বারবার ঘটছে দুর্ঘটনা। তবুও গবাদি পশুর মালিকদের হুঁশ নেই। যাত্রীদের আশঙ্কা, যেভাবে গবাদি পশুগুলি অবাধে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘুরে বেড়াচ্ছে, তাতে যেকোনওদিন বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে। বিরক্ত গাড়ি ও বাইক চালকরা পশু মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি করছেন। পুলিসের দাবি, জাতীয় সড়কে নিয়মিত নজরদারি চালানো হয়।
১৯ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর থেকে বর্ধমান যাওয়ার রাস্তায় বুদবুদ পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইওভার রয়েছে। দেখা যাচ্ছে, কোটা মোড় পেরিয়ে এসে পানাগড় আর্মি ক্যাম্পের কাছে ফ্লাইওভারে ওঠার মুখে রাস্তায় গোরু চরছে। নিত্যযাত্রীরা বলেন, শুধু কোটা মোড় বা বুদবুদ নয়, পানাগড়ের আগে বিরুডিহাতেও জাতীয় সড়কে গোরু চরতে দেখা যাচ্ছে। অনেক সময় জাতীয় সড়কের পাশের দু’দিকের সার্ভিস রোড, বুদবুদ-মানকর আন্ডারপাস সহ একাধিক জায়গায় গবাদি পশুগুলি অবাধে বিচরণ করে। লরিচালক সঞ্জয় পরামাণিক বলেন, প্রায় প্রতিদিনই এক দল গোরু জাতীয় সড়কের উপর রাস্তাজুড়ে ঠায় দাঁড়িয়ে থাকে। গোরুগুলি অনেক সময় সার্ভিস রোড থেকে আচমকা প্রধান রাস্তায় চলে আসে। ফলে গাড়ির চালকদের খুব সমস্যা হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার বুদবুদ এলাকায় দুর্গাপুরগামী লেনে একটি চারচাকা গাড়ি দু’টি গোরুকে ধাক্কা মারে। তারপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারে। চালক জখম হন। গোরু দু’টি ঘটনাস্থলেই মারা যায়। কয়েক বছর আগে জাতীয় সড়কের কাদা রোড মোড় ফ্লাইওভারে গোরুর সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লেগেছিল। তারপরও বুধবার দেখা গেল, জাতীয় সড়কে বুদবুদ, বিরুডিহায় গবাদি পশু অবাধে বিচরণ করছে। নিত্যযাত্রী অমিয় কোনার বলেন, পানাগড় থেকে সার্ভিস রোড ধরে নিয়মিত বাইকে যাতায়াত করি। বুদবুদ ঢোকার আগে সার্ভিস রোডে প্রচুর মোষ দাঁড়িয়ে থাকে। হর্ন দিলেও সরে না। অনেক সময় ওই রাস্তায় লাইন দিয়ে লরি দাঁড়িয়ে থাকে। বাইক নিয়ে যেতে খুব সমস্যা হয়।যাত্রীদের দাবি, জাতীয় সড়কে গবাদি পশু দেখলেই বাজেয়াপ্ত করা হোক। পশুর মালিকের বিরুদ্ধেও কড়া আইনি পদক্ষেপ নেওয়া দরকার। পুলিস সূত্রে জানা গিয়েছে, কোটা এলাকার বাসিন্দাদের একাংশ সকালে জাতীয় সড়কে তাঁদের গবাদি পশুগুলিকে ছেড়ে দিচ্ছেন। বুদবুদে একাধিক খাটালের গোরু, মোষ রয়েছে। এক পুলিস আধিকারিক বলেন, নিয়মিত নজরদারি করা হয়। গোরুর মালিকদের বাড়িতে গিয়েও সচেতন করা হয়েছে।-নিজস্ব চিত্র