Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সভাধিপতির এলাকাতেই খারাপ মানের কাজের অভিযোগ, শোরগোল কালীগঞ্জে

জেলা পরিষদের সভাধিপতির এলাকাতেই রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগে শোরগোল পড়েছে।

সভাধিপতির এলাকাতেই খারাপ মানের কাজের অভিযোগ, শোরগোল কালীগঞ্জে
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: জেলা পরিষদের সভাধিপতির এলাকাতেই রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগে শোরগোল পড়েছে। সভাধিপতি তারান্নুম সুলতানা মীরের নির্বাচনী কেন্দ্রে রাস্তা তৈরি বন্ধ করেছেন স্থানীয়রা। কালীগঞ্জ ব্লকের পলাশী মনুমেন্টের কাছে জেলা পরিষদের তরফে ওই কাজ হচ্ছিল। স্থানীয়দের তরফে ওই কাজ নিয়ে কালীগঞ্জ ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে।

Advertisement

কালীগঞ্জের বিডিও অঞ্জন চৌধুরী বলেন, একটা অভিযোগ জমা পড়েছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছি। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা হবে। জেলা পরিষদের সভাধিপতি ফোন না ধরায় ও মেসেজের উত্তর না দেওয়ায় এবিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।
নদীয়া জেলার অন্যতম পর্যটনকেন্দ্র পলাশি। যা পলাশি-২ পঞ্চায়েতের অন্তর্গত। সেখানে ঐতিহাসিক পলাশি যুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে মনুমেন্ট রয়েছে। সারাবছরই সেখানে লোকজন আসেন। মনুমেন্ট থেকে প্রায় এক কিলোমিটার দূরে চাষের জমির মাঝে পলাশি যুদ্ধের বীর যোদ্ধা মীরমদন, বাহাদুর আলি খাঁ এবং নবাব সিংহের স্মৃতিস্তম্ভ রয়েছে। সেখানে পৌঁছনোর জন্য একটি মাটির রাস্তা রয়েছে। কিন্তু সামান্য বৃষ্টিতেই রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ত। সেজন্য এলাকার বাসিন্দারা বহুদিন ধরে মনুমেন্ট থেকে মীরমদনের স্মৃতিস্তম্ভ অবধি পাকা রাস্তা তৈরির দাবি জানিয়ে আসছিলেন।
সম্প্রতি জেলাপরিষদ রাস্তাটি পাকা করতে উদ্যোগী হয়। মনুমেন্ট থেকে মীরমদন স্মৃতিস্তম্ভ পর্যন্ত ৭০০মিটার রাস্তা পাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি সেই কাজ শুরু হয়েছিল। কিন্তু স্থানীয়রা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন। অভিযোগ, কয়েকদিন আগে গ্রামবাসীরা ঠিকাদারের কাছে শিডিউল দেখতে চান। কিন্তু ঠিকাদারি সংস্থা তা দেখাতে অস্বীকার করে।
স্থানীয়দের দাবি, মাটি থেকে প্রায় তিন ফুট উঁচু করে কংক্রিটের রাস্তা করতে হবে। নাহলে বর্ষাকালে সেই রাস্তা জলের নীচে চলে যাবে। তখন পর্যটকরা সেই স্মৃতিস্তম্ভ দেখতে আসতে পারবেন না। ওই এলাকায় একটি কালভার্ট তৈরির দাবিও জানিয়েছেন গ্রামবাসীরা।
পলাশী-২ পঞ্চায়েত প্রধান দারাউদ্দিন আহমেদ বলেন, গ্রামের লোকজন কাজের শিডিউল চাইলেও তা দেখানো হয়নি। গ্রামবাসীরা আমাকে ঘেরাও করে বিষয়টি জানান। আমিও বিষয়টি দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এলাকার বাসিন্দা নিপুণ মণ্ডল বলেন, মাটি দিয়ে উঁচু করে রাস্তা তৈরি করার কথা। তা হয়নি। নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে। আমরা এনিয়ে বিডিও’র কাছে অভিযোগ জানিয়েছি।  এই রাস্তার কাজই বন্ধ করা হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ