Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে পুকুর ভরাটের অভিযোগ

বারাসত শহরের একটি জলাশয় ভরাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। রাতের অন্ধকারে ডাম্পার ভর্তি মাটি ফেলে পুকুর ভরাট হচ্ছে বলে অভিযোগ পুরসভার বিরোধী দলনেতার

বারাসতে পুকুর ভরাটের অভিযোগ
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত শহরের একটি জলাশয় ভরাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। রাতের অন্ধকারে ডাম্পার ভর্তি মাটি ফেলে পুকুর ভরাট হচ্ছে বলে অভিযোগ পুরসভার বিরোধী দলনেতার। তবে পুরসভার দাবি, কোনও পুকুর ভরাট হচ্ছে না।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসত পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে ‘নতুন পুকুর’ নামে একটি জলাশয় রয়েছে। প্রায় সাত বিঘা আয়তনের এই পুকুরটি ভরাটের অভিযোগ উঠেছে। রাতে ডাম্পারে বালি ও মাটি এনে ফেলা হচ্ছে। পুরসভা সূত্রে জানানো হয়েছে, গঙ্গা থেকে জল উত্তোলন করে তা পরিশোধনের পর বাড়ি বাড়ি সরবরাহের জন্য কেএমডিএ সেখানে একটি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরির কাজ চালাচ্ছে। সেই কারণে ‘বেস’ সমান করার জন্য সাদা বালি ও মাটি এনে ফেলা হচ্ছে। এটা একটি সরকারি প্রকল্প। স্থানীয় কাউন্সিলার সিপিএমের বরুণ ভট্টাচার্য বলেন, ‘শুনছি ওখানে সরকারের একটি প্রকল্পের কাজ হচ্ছে। কিন্তু কাজের নির্ধারিত ঠিকাদার কে, কতদিনে কাজ শেষ হবে, সেই সম্পর্কে কাউন্সিলার হিসেবে আমাকে কিছু জানানো হয়নি। রিজার্ভার তৈরির ক্ষেত্রে কিছু মাটি ফেলার প্রয়োজন হতে পারে। কিন্তু ওখানে প্রচুর মাটি ফেলে পুকুর ভরাট হচ্ছে। এনিয়ে স্থানীয়রা আমাকে অভিযোগ জানিয়েছেন।’ বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, ‘পানীয় জল সরবরাহের জন্য ওখানে রিজার্ভার তৈরি হচ্ছে। পুকুর ভরাট হচ্ছে না, এটুকু বলতে পারি। তবে কতটা পরিমাণ জায়গা ব্যবহার করা হচ্ছে, সেটা কেএমডিএ বলতে পারবে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ