


দক্ষিণ কলকাতার কফিশপ সেরেনটি-তে পাবেন পারিবারিক ছোঁয়া। একটু ভিন্ন ধাঁচে কফিশপটি গড়ে তুলতে চেয়েছিলেন তৃষিত বন্দ্যোপাধ্যায় ও ঐন্দ্রিলা দাস। এমন কফিশপের ধরনটা বিদেশি। কর্মসূত্রে দেশের বাইরে বহু বছর কাটিয়েছেন দু’জনেই। ইউরোপের ছোট শহরে দেখেছেন বাড়িতে গড়ে ওঠা কফি কালচার। যেখানে ছোট্ট পরিসরে তৈরি বেকারি ও কফিশপে থাকে আন্তরিকতার ছোঁয়া। এখানেও সেই ধাঁচই তুলে ধরতে চেয়েছেন এই দম্পতি। তাই ছোট্ট কফিশপে মোটামুটি জনা তিরিশের বসার ব্যবস্থা। কফিশপটির আর একটা বৈশিষ্ট্য, এখানে দেওয়ালগুলো সব সাউন্ডপ্রুফ। অর্থাৎ কফিশপে যেই না ঢুকলেন অমনি বাইরের গাড়ির আওয়াজ থেকে সম্পূর্ণ বিচ্ছন্ন আপনি। এমনই এক জায়গায় বসে ভিয়েতনামের কফির নানা ধরন উপভোগ করতে পারেন। আজ সেখান থেকে একটি হট ও দু’টি কোল্ড কফির রেসিপি আপনাদের জানালেন শেফ।
ভিয়েতনামি কোল্ড কফি
উপকরণ: গরম জল ১ কাপ (জল যেন সম্পূর্ণ ফুটে না যায় সেদিকে খেয়াল রাখবেন), বরফের টুকরো ৪-৫টা, ভিয়েতনামি কফির গুঁড়ো ২টেবিল চামচ, কনডেন্সড মিল্ক ২ টেবিল চামচ, ভিয়েতনামি কফি ফিল্টার।
পদ্ধতি: একটা গ্লাসে প্রথমে কনডেন্সড মিল্ক ঢালুন। এরপর ফিয়েতনামি কফি ফিল্টার তেকোনা করে গ্লাসের মুখে লাগিয়ে গ্লাস তৈরি করে নিন। এরপর ফিল্টারের উপর কফি গুঁড়ো ঢালুন। তার উপর দিয়ে প্রথমে ১ চামচ গরম জল ঢেলে দিন। তাতে কফির গুঁড়ো ভিজে উঠবে। এরপর ক্রমশ বাকি জলটা ঢালুন। আস্তে আস্তে ঢালবেন। দেখবেন কফি তরল হয়ে ফিল্টার চুঁইয়ে গ্লাসে গিয়ে পড়বে। পুরো কফি যতক্ষণ পর্যন্ত না গ্লাসে পড়ছে ততক্ষণ ফিল্টার সরাবেন না। উপর থেকে কফি ফ্রদ ও বরফ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
আইস অরেঞ্জ কফি
উপকরণ: এসপ্রেসো কফি শট ১-২ গ্লাস, অরেঞ্জ জুস কাপ, বরফের টুকরো প্রয়োজন অনুযায়ী, চাকা করে কাটা কমলালেবু সাজানোর জন্য।
পদ্ধতি: এসপ্রেসো শট নিজের পছন্দসই উপায়ে ফুটিয়ে নিন তার জন্য এসপ্রেসো মেশিন, অরিও প্রেস মেশিন বা মোকা পট ব্যবহার করতে পারেন। এবার যে গ্লাসে কফিটা বানাবেন সেটা খালি অবস্থায় ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর এই গ্লাসে বরফের টুকরো ভরে দিন। তার উপর অরেঞ্জ জুস ঢালুন। সেটাও যেন ঠান্ডা অবস্থাতেই ঢালা হয় খেয়াল রাখবেন। এরপর এসপ্রেসো শট আস্তে আস্তে তার উপর ঢেলে দিন। এই শট গরম থাকার কারণে তা অরেঞ্জ জুস ও বরফের উপর ভেসে থাকবে, মনে হবে যেন দুটো স্তরে তরল দুটো রয়েছে। উপর থেকে পাতলা চাকা করে কাটা কমলালেবুর টুকরো ভাসিয়ে দিন। খাওয়ার সময় ইচ্ছে মতো এই কফি নেড়ে মিশিয়ে নিতে পারেন।
হট ভিয়েতনামিজ কনডেন্সড মিল্ক কফি
উপকরণ: ভিয়েতনামি কফি বিনস গুঁড়ো করা ২ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক ২ টেবিল চামচ, গরম জল পরিমাণ মতো।
পদ্ধতি: একটা কাপে প্রথমে কনডেন্সড মিল্ক ঢালুন। তারপর কফি কাপের মুখে কফি ফিল্টার লাগিয়ে নিন। তার উপর কফি গুঁড়ো ঢালুন। এরপর এই কফির উপর সামান্য পরিমাণে গরম জল ঢেলে খানিকক্ষণ সময় দিন। কফির গুঁড়ো একটু ছড়িয়ে যাবে ও ফুলে উঠবে। এরপর ক্রমশ বাকি জল ঢেলে দিন। কফি লিকার ফিল্টার চুঁইয়ে কাপে পড়বে। তারপর ফিল্টার সরিয়ে নিয়ে গোটা মিশ্রণ (কনডেন্সড মিল্ক ও কফি লিকার) নেড়ে পরিবেশন করুন।