Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সন্তানকে খুন, এফবিআইয়ের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ সিন্ডি সিং ধৃত ভারতে

শেষ রক্ষা হল না। নিজের ছ’বছরের শিশুপুত্রকে খুন করে আমেরিকা থেকে পালিয়ে এসেছিলেন ভারতে। অবশেষে গ্রেপ্তার করা হল তাঁকে। ধৃত মহিলার নাম সিন্ডি রডরিগেজ সিং।

সন্তানকে খুন, এফবিআইয়ের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ সিন্ডি সিং ধৃত ভারতে
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: শেষ রক্ষা হল না। নিজের ছ’বছরের শিশুপুত্রকে খুন করে আমেরিকা থেকে পালিয়ে এসেছিলেন ভারতে। অবশেষে গ্রেপ্তার করা হল তাঁকে। ধৃত মহিলার নাম সিন্ডি রডরিগেজ সিং। বৃহস্পতিবার তাঁর গ্রেপ্তারের কথা জানিয়েছেন এফবিআইয়ের ডিরেক্টর কাশ প্যাটেল। ধৃতকে আমেরিকায় ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। টেক্সাসে তাঁর বিচার হবে। 

Advertisement

এফবিআইয়ের প্রথম ১০ জন মোস্ট ওয়ান্টেড তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সিন্ডি। ৪০ বছরের অভিযুক্ত মহিলার খোঁজে ইন্টারপোলের দ্বারস্থ হন মার্কিন গোয়েন্দারা। শুধু তাই নয়, সিন্ডির তথ্য পেতে ২৫ হাজার থেকে বাড়িয়ে আড়াই লক্ষ ডলার পুরস্কারও ঘোষণা করা হয়। অবশেষে অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় স্বস্তিতে মার্কিন প্রশাসন। প্যাটেল এক্স হ্যান্ডলে লিখেছেন, সিন্ডির বিরুদ্ধে তাঁর  শিশুপুত্র হত্যার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, অভিযুক্ত তাঁর সন্তানকে নিয়ে মিথ্যা দাবি করেছিলেন। তিন বছর আগে ভারতে চলে গিয়েছিলেন সিন্ডি। তারপর আর আমেরিকায় ফেরেননি। ২০২২ সালে সিন্ডি তাঁর ছ’বছরের সন্তান নোয়েল রডরিগেজ আলভারেজকে খুন করেন বলে অভিযোগ। ফুসফুস সহ নানা জটিল রোগে ভুগছিল শিশুটি। তার অক্সিজেন সাপোর্টের প্রয়োজন ছিল। অভিযোগ, তাকে নিয়মিত নির্যাতন করা হতো। এমনকী ঠিকমতো খেতে দেওয়া হতো না। ওই বছরের অক্টোবরের পর শিশুটিকে আর দেখা যায়নি। বিষয়টি জানতে পেরে তদন্তে নামে টেক্সাস পুলিস ও পরিবার সুরক্ষা বিভাগ। সিন্ডি পুলিসকে জানান, তাঁর ছেলে জন্মদাতা বাবার সঙ্গে মেক্সিকোয় রয়েছে। এরপর ২০২৩ সালের ২২ মার্চ সিন্ডি ও তাঁর বর্তমান স্বামী ভারতীয় বংশোদ্ভূত অর্শদীপ সিং এবং ৬ সন্তানকে নিয়ে ভারতে চলে আসেন। পরে গোয়েন্দা জানতে পারেন ওই বিমানে নোয়েল ছিল না। ২০২৪ সালের অক্টোবরে ইন্টারপোলে মহিলার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে এফবিআই। এরপর গত জুলাই মাসে মোস্ট ওয়ান্টেড তালিকায় চতুর্থ নম্বরে যুক্ত করা হয় তাঁর নাম। তবে ভারতের কোথা থেকে সিন্ডিকে গ্রেপ্তার করা হয়েছে, জানানো হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ