Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানের স্কুলে নিহত শিশুদের পরিবারকে সাহায্য চীনের

ইরানের স্কুলে আমেরিকা ও ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছিল ১৬৫ জন শিশুর। এবার সেই পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করল চীন।

ইরানের স্কুলে নিহত শিশুদের পরিবারকে সাহায্য চীনের
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেজিং: ইরানের স্কুলে আমেরিকা ও ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছিল ১৬৫ জন শিশুর। এবার সেই পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করল চীন। শুক্রবার নিহত পড়ুয়াদের মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন। এর সঙ্গেই চীনের রেড ক্রস সোসাইটির তরফে শিশুদের পরিবারের জন্য ২ লক্ষ ডলার অনুদানের কথা ঘোষণা করা হয়। ইরানের রেড ক্রেসেন্ট সোসাইটির হাতে ওই টাকা তুলে দেওয়া হবে। এদিন জিয়াকুন জানান, সাধারণ মানুষ ও অসামরিক ভবনের উপর সমস্ত হামলার তীব্র নিন্দা জানায় চীন। স্কুলকে টার্গেট করা এবং শিশুদের ক্ষতি করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। এই ঘটনা সমস্ত নৈতিকতার সীমা ছাড়িয়ে গিয়েছে। ইরানের সাধারণ মানুষকে চীন সবরকমভাবে সাহায্য করবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

গত ১ মার্চ দক্ষিণ ইরানের মিনাব শহরের ওই প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। ১৬৫ জন শিশুর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। যদিও প্রাথমিকভাবে আমেরিকা দাবি করেছিল, ইরানই এই ঘটনার জন্য দায়ী। যদিও একাধিক মানবাধিকার সংগঠন জানিয়েছে, সব জেনেও শিশুদের টার্গেট করেছিল আমেরিকা ও ইজরায়েল।
এদিকে, ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ফের হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকা ও ইজরায়েলকে এমন শিক্ষা দেওয়া হবে, যা তারা কোনোদিন ভুলবে না। ইসমাইল বাকায়েই নামে ওই মুখপাত্র বলেন, ‘ওরা বারবার আলোচনা আর যুদ্ধবিরতির কথা বলছে। তারপরই আমাদের একই অপরাধ ও যুদ্ধের মুখোমুখি হতে হচ্ছে। আমাদের সেনা শত্রুপক্ষকে শিক্ষা দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

সম্পর্কিত সংবাদ