নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আজ, মঙ্গলবার বর্ধমানের সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার চলছে। বাংলা ভাষার উপর আক্রমণ নেমে এসেছে। মুখ্যমন্ত্রী বাংলা ভাষা রক্ষায় আন্দোলনের ডাক আগেই দিয়েছিলেন। বোলপুরে গিয়ে পদযাত্রাও করেছেন। এদিনের মঞ্চ থেকেও তিনি এই ইস্যুতে সরব হবেন। পাশাপশি মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ তিনি মিউনিসিপ্যাল হাইস্কুলের মাঠে প্রশাসনিক সভা করবেন। দুই জেলার প্রায় ৯০০ জনকে পাট্টা দেওয়া হবে বলে ঠিক হয়েছে। এদিন সকাল থেকে শহরে ‘ভিভিআইপি’রা আসতে শুরু করবেন। সেকারণে জিটি রোডে সকাল ৯টার পর থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সভা শেষ হওয়ার পর আবার যান চলাচল স্বাভাবিক করা হবে।



