Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে এবার সিনার্জি করার নির্দেশ মুখ্যমন্ত্রীর, নিজস্ব তহবিল থেকে শিশু উদ্যান তৈরির প্রস্তাব

মুর্শিদাবাদে একাধিক শিল্পের সম্ভাবনা রয়েছে। এবার বহরমপুরে সিনার্জি করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বহরমপুরে এবার সিনার্জি করার নির্দেশ মুখ্যমন্ত্রীর, নিজস্ব তহবিল থেকে শিশু উদ্যান তৈরির প্রস্তাব
  • ৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অভিষেক পাল, বহরমপুর: মুর্শিদাবাদে একাধিক শিল্পের সম্ভাবনা রয়েছে। এবার বহরমপুরে সিনার্জি করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেজিনগর শিল্পতালুক চালুর ব্যাপারে একাধিক নির্দেশ দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নিজের তহবিলের ১০ লক্ষ টাকা থেকে বহরমপুরে একটি আধুনিক চিলড্রেন’স পার্ক তৈরি করা হবে বলেও মুখ্যমন্ত্রী এদিন কথা দিয়েছেন। এবিষয়ে জেলাশাসককে দ্রুত জমি নির্ধারণ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, জেলায় অনেক ফাঁকা জমি আছে। সেখানে শপিং মল করা যেতে পারে। সেই মলগুলির প্রথম দু’টি তলায় গ্রামের শিল্পীদের তৈরি জিনিসপত্র এবং জেলার মহিলাদের শিল্প সামগ্রী বিক্রি করা যেতে পারে।

Advertisement

গত ১৪ বছরে সীমান্তবর্তী জেলার চিত্রটা একেবারেই বদলে গিয়েছে। বুধবার মালদহের রাজনৈতিক সভা সেরে বহরমপুরে সার্কিট হাউসে ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ঝটিকা সফরে মুর্শিদাবাদের জেলাশাসকের অফিসে আসেন তিনি। সার্কিট হাউস থেকে বেরিয়ে তিনি বারাক স্কয়ার ময়দানের পাশ দিয়ে হেঁটে কালেক্টরেট অফিস পরিদর্শন করেন। সরকারি কর্মচারীরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। তাঁদের সঙ্গে আলাপচারিতা সেরে নবনির্মিত একটি ভবনে জেলাশাসক, পুলিশ সুপার এবং দলের বিধায়কদের নিয়ে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকের মাঝেই জেলাশাসককে তিনি নির্দেশ দেন মুর্শিদাবাদে সিনার্জি আয়োজন করার জন্য।
পর্যটন নির্ভর এই জেলায় পর্যটকদের থাকার জন্য ভালো সরকারি কটেজ তৈরি করা যায় কি না, তাও ভেবে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। বহরমপুরের বারাক স্কয়ার ময়দানের দক্ষিণপ্রান্তে ভগ্নপ্রায় হেরিটেজ বিল্ডিংয়ে ভিলেজ ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয়েছে। সেখানে হাতে তৈরি একাধিক জিনিসের পসরা সাজিয়ে বসেছেন স্বনির্ভর মহিলারা। দোকানগুলিতে প্রতিদিন ভালো পরিমাণ বিক্রি হচ্ছে। মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মর্গে বেশকিছু অস্থায়ী কর্মী রোগীর পরিজনদের কাছ থেকে টাকা তোলেন বলে অভিযোগ করা হয়। বেআইনিভাবে এই টাকা তোলা বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী সচিবকে নির্দেশ দেন। স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে মুর্শিদাবাদ জেলা সবথেকে ভালো কাজ করছে। মহিলাদের কাজের গুণগতমান নিয়ে গর্বিত মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনকে স্বনির্ভর গোষ্ঠীদের কাজে এবং প্রশিক্ষণে আরও তদারকি করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, এখানকার মেয়েরা কী ভালো হাতের কাজ করেন! গোটা রাজ্যে ১২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে সংখ্যাটা সব থেকে বেশি। এখানকার খাদি এবং সিল্কের খুব নাম আছে। ঐতিহ্য মেনে আমরা মেয়েদের আধুনিক শাড়ি তৈরির প্রশিক্ষণও দিচ্ছি।
এদিন বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে গোপন বৈঠকে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন। আজ, বৃহস্পতিবারের রাজনৈতিক সভায় একমাত্র তিনিই বলবেন। মুর্শিদাবাদ জেলায় সাতজন ব্যক্তি মারা গিয়েছেন। তাঁদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ওয়াকফ ইশ্যুতে মুখ খুলবেন দলনেত্রী। এসআইআর নিয়ে আতঙ্কের কিছু নেই বলে নেত্রী আশ্বস্ত করেছেন। তবে, দু’-একজন বিধায়কের বেফাঁস মন্তব্য নিয়েও এদিন তাঁর গলায় বিরক্তির সুর শোনা গিয়েছে।  -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ