Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আজ চিপকে ঘুরে দাঁড়ানোর লড়াই চেন্নাই-হায়দরাবাদের

আইপিএলে শুক্রবার মুখোমুখি নবম ও দশম স্থানে থাকা দুই দল। ঘরের মাঠ চিপকে চেন্নাই সুপার কিংস খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। প্রথম আট ম্যাচের ছ’টিতে হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে দুই শিবিরেরই

আজ চিপকে ঘুরে দাঁড়ানোর লড়াই চেন্নাই-হায়দরাবাদের
  • ২৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: আইপিএলে শুক্রবার মুখোমুখি নবম ও দশম স্থানে থাকা দুই দল। ঘরের মাঠ চিপকে চেন্নাই সুপার কিংস খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। প্রথম আট ম্যাচের ছ’টিতে হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে দুই শিবিরেরই। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে জয় ছাড়া বিকল্প নেই। বলাই বাহুল্য, মরণ-বাঁচন ম্যাচে জান লড়িয়ে দিতে তৈরি ধোনি-কামিন্সরা।

Advertisement

অথচ, চলতি আইপিএলের শুরুটা দুর্দান্ত করেছিল চেন্নাই এবং হায়দরাবাদ। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে অভিযান শুরু করেন ধোনিরা। কিন্তু তারপরই ছন্দপতন। এখন পয়েন্ট টেবিলে সবার নীচে হলুদ ব্রিগেড। আর রাজস্থানের বিরুদ্ধে হায়দরাবাদ প্রথম ম্যাচে পাহাড় প্রমাণ ২৮৬ রান তুলেছিল। ৪৪ রানে জয় পায় তারা। কিন্তু টুর্নামেন্ট যত গড়িয়েছে ততই ফিকে হয়েছে কমলা-ব্রিগেডের পারফরম্যান্স। গত মরশুমে ব্যাটারদের দাপটে ফাইনাল খেলেছিল হায়দরাবাদ। কিন্তু এবার ব্যাটিং ব্যর্থতাই ডোবাচ্ছে তাদের। ওপেনিংয়ে অভিষেক ও হেড একেবারে ধারাবাহিক নন। তিনে নামা ঈশান কিষানের অবস্থাও তথৈবচ। নীতীশ কুমার রেড্ডি গত আইপিএলে আলো ছড়িয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু এবার তাঁর পারফরম্যান্স পাতে দেওয়ার নয়। লোয়ার অর্ডারে হেনরিখ ক্লাসেন একাই যা চেষ্টা চালাচ্ছেন। হায়দরাবাদের বোলিংয়েও প্যাট কামিন্স, মহম্মদ সামি, হার্ষল প্যাটেলের মতো নাম রয়েছে। কিন্তু তাঁরাও প্রত্যাশামতো পারফরম্যান্স মেলে ধরতে পারছেন না। 
অন্যদিকে, চেন্নাইও ভুগছে ব্যাটিং সমস্যায়। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে দল। মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বের ভার নিয়েও দলকে ছন্দে ফেরাতে ব্যর্থ। চেন্নাইয়ের ব্যাটিংয়ে রাচীন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, ডেভন কনওয়েদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। শিবম দুবে অবশ্য রানের মধ্যে আছেন। এছাড়া ধোনিও কয়েকটি ম্যাচে দাগ কেটেছেন। তবে আগের মতো ফিনিশার রোলে সেভাবে জ্বলে উঠতে পারছেন না। চিপকের পিচ নিয়েও সন্তুষ্ট নন ধোনিরা। ঘরের মাঠে পিচের চরিত্রই নাকি বুঝতে পারছে না সিএসকে থিঙ্ক ট্যাঙ্ক। এই নিয়ে প্রকাশ্যে মন্তব্যও করেন কোচ ফ্লেমিং। তবে সে সব আপাতত ভুলে শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে যেনতেন প্রকারেণ জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর হলুদ-ব্রিগেড।

Advertisement
সম্পর্কিত সংবাদ