Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নির্মীয়মাণ ফ্ল্যাটের গ্যারাজে উদ্ধার দগ্ধ দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

তীব্র পোড়া গন্ধ! কিন্তু, রান্না পুড়ে যাওয়ার মতো নয়। পচা গন্ধে জেরবার এলাকাবাসী। গন্ধের উৎসস্থলে পৌঁছতেই চোখ কপালে স্থানীয়দের।

নির্মীয়মাণ ফ্ল্যাটের গ্যারাজে উদ্ধার দগ্ধ দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তীব্র পোড়া গন্ধ! কিন্তু, রান্না পুড়ে যাওয়ার মতো নয়। পচা গন্ধে জেরবার এলাকাবাসী। গন্ধের উৎসস্থলে পৌঁছতেই চোখ কপালে স্থানীয়দের। নির্মীয়মাণ ফ্ল্যাটের গ্যারাজে পড়ে রয়েছে পুড়ে খাক হয়ে যাওয়া একটি পুরুষ দেহ। দেখে চেনার উপায় নেই। শনিবারের সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার বাগবাজার এলাকায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে শ্যামপুকুর থানার পুলিস।  

Advertisement

ঘড়ির কাঁটায় সকাল ৯টা বেজে ২৫ মিনিট। বাগবাজারের নিবেদিতা লেনে নির্মীয়মাণ বহুতলে এক ব্যক্তির দেহ আধপোড়া অবস্থায় দেখেন স্থানীয়রা। তখনও ওই ব্যক্তির দেহের আশপাশ থেকে ধোঁয়া বেরচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুকুর থানার পুলিস ও দমকল বাহিনী। আগুন নেভান দমকলকর্মীরা। এরপরেই লালবাজারের সায়েন্টিফিক শাখার অফিসাররাও ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিকভাবে নমুনা সংগ্রহের পর দগ্ধ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিস। রাত পর্যন্ত মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। দিনেদুপুরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই বাগবাজার এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। নর্থ ও নর্থ সাবার্বান ডিভিশনের ডেপুটি কমিশনার দীপক সরকার বলেন, রাত পর্যন্ত মৃতদেহটি চিহ্নিতকরণ হয়নি। কোনও ব্যক্তি এসে তাঁকে নিজের পরিবারের সদস্য বলে দাবিও করেননি। তিনি কোথা থেকে ওই নির্মীয়মাণ বহুতলের গ্যারাজে এসে পৌঁছলেন, কখন এলেন— সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লালবাজার সূত্রে খবর, এদিনই ওই মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। কিন্তু, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে ধারণা পাওয়ার ক্ষেত্রে কিছু অস্পষ্টতা রয়েছে। খুন না আত্মহত্যা? নাকি দুর্ঘটনা? তা ময়নাতদন্তকারী চিকিৎসকদের প্রাথমিক ইঙ্গিত থেকে স্পষ্ট নয়। এর জন্য পূর্ণাঙ্গ রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে পুলিস। 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমরা যখন দেখি তখন দেহটি উপুড় হয়ে পড়েছিল। তখনও সেটি পুড়ছিল। কিন্তু, একটা আস্ত মানুষ পুড়ে গেলেন, কোনও আর্তনাদ শুনতে পাওয়া গেল না কেন? এনিয়ে ইতিমধ্যেই রহস্যের গন্ধ পাচ্ছেন স্থানীয়রা। 
স্থানীয়দের দাবি, ওই ফ্ল্যাট এখনও ক্রেতাদের হস্তান্তর করা হয়নি। গ্যারাজে কিছু কাজ এখনও বাকি রয়েছে। সেই সুযোগেই কি কেউ বা কারা ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে খুন করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে? প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, সেই সম্ভাবনা কিছুটা হলেও কম। সেক্ষেত্রে এটা আত্মহত্যা না দুর্ঘটনা? রাত পর্যন্ত বাগবাজারের এই ঘটনায় রহস্য কাটেনি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ