Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অবৈধ নির্মাণ ভাঙতে অভিযান ২২ এপ্রিল নামবে বুলডোজার

অবৈধ নির্মাণের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বর্ধমান পুরসভা।

অবৈধ নির্মাণ ভাঙতে অভিযান ২২ এপ্রিল নামবে বুলডোজার
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অবৈধ নির্মাণের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বর্ধমান পুরসভা। শহরের দু’টি বহুতল নির্মাণ ভাঙার দিনক্ষণ চূড়ান্ত করল কর্তৃপক্ষ। তারমধ্যে বহু বিতর্কিত আটতলা বিল্ডিং রয়েছে। পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, ২২ এবং ২৫ এপ্রিল অবৈধ নির্মাণগুলি ভাঙা  হবে। নির্মাণকারীদের আগেই নোটিস পাঠানো হয়েছিল। তাদের ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়। সেই সময় পেরিয়ে গিয়েছে। এবার পুরসভা নিজে থেকেই  বিল্ডিংগুলি ভাঙবে। সেইমতো অবৈধ নির্মাণকারীদের নোটিস দিয়ে ভাঙার দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। 

Advertisement

পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, অবৈধ নির্মাণকারীরা আদালতে যেতে পারে। সেখানেও যাতে তারা সুবিধা না পায় তার প্রস্তুতিও কর্তৃপক্ষ নিয়ে রেখেছে। তবে শহরের বাসিন্দাদের দাবি, শুধু ওই দু’টি নয়, শহরে আরও বহু অবৈধ নির্মাণ রয়েছে। সেগুলির বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া উচিত। অবৈধভাবে নির্মাণ হওয়ায় বহু বহুতলের মালিক পুরসভার কাছে থেকে ‘সিসি’ নেয়নি। তারপরও তারা ফ্ল্যাট বিক্রি করেছে। এক আধিকারিক বলেন, সিসি না থাকার পরেও বহু আবাসনের বাসিন্দাদের মিউটেশন করিয়ে দেওয়া হয়েছে। কর আদায় করার জন্যই পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এতদিন অবৈধ নির্মাণকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। আদালতের নির্দেশে কর্তৃপক্ষ শহরে কয়েকটি বাড়ি ভাঙলেও বহুতলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস তারা দেখায়নি। এবারই প্রথম বহুতল ভাঙার নোটিস পুরসভা দিয়েছে। 
কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, অবৈধ নির্মাণ নিয়ে আমরা বহুদিন ধরেই লড়াই করে আসছি। তা নিয়ে পুরসভার কোনও হেলদোল নেই। পুরসভা বিল্ডিং ভাঙার নোটিস জারি করেছে। কিন্তু, তারা তা আদৌ ভাঙবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। অবৈধ নির্মাণকারীদের মাথার উপর শাসক দলের নেতাদের হাত রয়েছে। তাই পুরসভা গর্জালেও আদৌ বর্ষাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শহরের বিভিন্ন ওয়ার্ডে অবৈধ নির্মাণ এবং পুকুর ভরাট হয়ে চলছে। 
পুরসভার চেয়ারম্যান বলেন, দু’টি ক্ষেত্রেই আমরা কড়া পদক্ষেপ নিয়েছি। সম্প্রতি আমাদের কাছে শহরের দু’টি পুকুর ভরাটের অভিযোগ আসে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুকুর মালিকদের নোটিস করা হয়েছে। শহরে কোনও জলাশয় ভরাট করতে দেওয়া যাবে না। যে বা যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। শহরের অন্যান্য অবৈধ নির্মাণগুলিও চিহ্নিতকরণ করা হয়েছে। সেগুলিও ভাঙা হবে। 
শহরের বাসিন্দারা বলেন, ঢলদিঘির কাছে আটতলা বিল্ডিংটি নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছে। পুরসভা কাজ বন্ধের নোটিস দিয়েছিল। তারপরও গোপনে নির্মাণ কাজ চালানো হয় বলে অভিযোগ। তবে পুর কর্তৃপক্ষ পিছু হটতে নারাজ। সবকিছু ঠিক থাকলে ২২এপ্রিল সেখানে বুলডোজার চলবে। আর এক আধিকারিক বলেন, ওই নির্মাণকারী সংস্থার বৈধ কাগজ নেই। তাই তারা আদালতে গিয়েও লাভ করতে পারবে না। শুনানি চললে কিছুদিনের জন্য ভাঙার দিন বদলাতে পারে। কিন্তু, সেটি ভাঙা আটকাতে পারবে না।  প্রতীকী ছবি

Advertisement
সম্পর্কিত সংবাদ