সংবাদদাতা, হবিবপুর: জরাজীর্ণ অবস্থা এক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বুলবুলচণ্ডী রেল স্টেশনের। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্মের দখল নিয়েছে আগাছা। দিনভর সেখানে এখন মাদকাসক্তদের আড্ডা। এলাকার পরিবেশ খারাপ হচ্ছে অভিযোগ করে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন বাসিন্দারা।
বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের কেন্দুয়া এলাকায় স্টেশনটি অবস্থিত। রেলের এক আধিকারিক বলেন, দীর্ঘদিন স্টেশনটি বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। স্থানীয় বাসিন্দা চিত্তরঞ্জন সাহার কথায়, স্টেশনটির সংস্কার প্রয়োজন। ফাঁকা এলাকা বলে নেশাগ্রস্তদের উপদ্রব বাড়ছে। ব্রিটিশ আমলেই তৈরি এই রেলপথ অবিভক্ত ভারতে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের প্রধান রুট ছিল। সেই সময় হবিবপুর, বামনগোলা ও দিনাজপুর এলাকার বাসিন্দারা বুলবুলচণ্ডী রেলস্টেশনে এসে বিভিন্ন ট্রেন ধরতেন। তবে ভারত ভাগ হওয়ার পর কিছুটা অংশ বর্তমান বাংলাদেশের এলাকায় পড়ায় এই রেলপথ ঘুরিয়ে দেওয়া হয়। তখন থেকে প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ এই রুটে। বর্তমানে শুধুমাত্র মালগাড়ি এই পথ দিয়েই সিঙ্গাবাদ রেলস্টেশন হয়ে বাংলাদেশে যাওয়া আসা করে। কেন্দুয়া এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভকত বলেন, এখান থেকে এলাকার অন্য জায়গাতেও সমাজবিরোধী, চোর, নেশাগ্রস্তদের যাতায়াত রয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আনব। স্টেশন এলাকায় অসামাজিক কাজ বন্ধ করতে দ্রুত অভিযান চালাবে বলে জানিয়েছে হবিবপুর থানায় পুলিস। নিজস্ব চিত্র