Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিকল এসি, দেওয়ালের কাঠের সজ্জা খেয়েছে উইয়ে, ক্ষুব্ধ সংস্কৃতিপ্রেমীরা

সারি সারি দু’পাশে লাগানো রয়েছে এসি। কিন্তু, অধিকাংশই বিকল

বিকল এসি, দেওয়ালের কাঠের সজ্জা খেয়েছে উইয়ে, ক্ষুব্ধ সংস্কৃতিপ্রেমীরা
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সারি সারি দু’পাশে লাগানো রয়েছে এসি। কিন্তু, অধিকাংশই বিকল। বিশাল প্রেক্ষাগৃহের দেওয়ালে কাঠের সজ্জার কিছু অংশ উইয়ে খেয়ে ফেলেছে। বেশ কিছু চেয়ারও ভেঙে পড়েছে। আরামবাগের রবীন্দ্রভবনের এমনই বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে একটু একটু করে তা বেহাল হয়ে পড়ছে। এসি বিকল হয়ে পড়ায় প্রায় প্রত্যেকেরই গরমে হাঁসফাঁস অবস্থা। দেওয়ালে কিছু ফ্যান অবশ্য সচল রয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত রবীন্দ্রভবন সংস্কারের দাবি তুলেছেন আরামবাগের সংস্কৃতি জগতের মানুষজন। বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী। তিনি বলেন, বর্ষায় ছাদ চুঁইয়ে জল পড়ত। ছাদটির সংস্কার করা হয়েছে। তবে রবীন্দ্রভবনের আমূল সংস্কার হওয়া প্রয়োজন। তার প্রস্তাব আমরা রাজ্যের কাছে পাঠিয়েছি। অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হবে। 

Advertisement

সংস্কৃতি জগতের মানুষজন বলছেন, একটি শহরে রবীন্দ্রভবন থাকা ঐতিহ্যের। সেটি শহরের কার্যত ল্যান্ড মার্কও। কিন্তু, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ না হওয়ায় তা মর্যাদা হারাতে বসেছে। আরামবাগের নাট্যকর্মী মুক্তিপ্রকাশ রায় বলেন, রবীন্দ্রভবনের বিভিন্ন অংশ জীর্ণ হয়ে পড়েছে।। সেই জন্য যে কোনও অনুষ্ঠান পরিচালনাতেই অসুবিধা হয়। রবীন্দ্রভবনের আশু সংস্কার প্রয়োজন। 
আরএক নাট্য কর্মী পলাশ অধিকারী বলেন, রবীন্দ্রভবন সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছি। শহরের সরকারি এই প্রেক্ষাগৃহে যেকোনও অনুষ্ঠান আয়োজনের পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে। কিন্তু, সংস্কারের অভাবে তা বেহাল হয়ে পড়ছে। তাই দ্রুত এর মেরামতি দরকার। রবীন্দ্রভবনে বর্তমানে যে কোনও অনুষ্ঠান করতেই আলো, সাউন্ড ভাড়া করে নিয়ে আসতে হয়। এর সুব্যবস্থা হওয়া উচিত। উল্লেখ্য, আরামবাগের রবীন্দ্রভবনে প্রায় প্রত্যেক মাসেই নানা অনুষ্ঠান হয়। সেইজন্য তা বুকিং থাকে। বাইরে থেকে বহু মানুষ এখানে অনুষ্ঠান দেখতে আসেন। কিন্তু, বর্তমান রবীন্দ্রভবনের পরিকাঠামো দেখে তাঁরা ক্ষোভ প্রকাশ করছেন। 
অভিযোগ, রবীন্দ্রভবনের ভিতরে বেশ কয়েকটি এসি মেশিন রয়েছে। বর্তমানে সেগুলি দেওয়ালে লাগানো থাকলেও তা বিকল হয়ে পড়ে রয়েছে। এমনকী, রবীন্দ্রভবনের দু’পাশের দেওয়ালে কাঠের সজ্জা উইপোকায় খেয়ে ফেলেছে। ফলে ভেঙে ভেঙে পড়ছে কাঠের গুঁড়ো। সোমবার একটি অনুষ্ঠানে দেখা যায়, দু’পাশের দেওয়াল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এসি না চলায় ভিতরে গরমের মধ্যে দর্শকদের কার্যত হাঁসফাঁস অবস্থা। 
আলোর ব্যবস্থাও পর্যাপ্ত নয় বলে অভিযোগ। তাই দ্রুত রবীন্দ্রভবন সংস্কারের দাবিতে সরব হয়েছেন আরামবাগের সংস্কৃতি কর্মীরা। পুরসভার এক কর্মী বলেন, নিত্যদিন রবীন্দ্রভবন পরিষ্কার রাখার চেষ্টা হয়। নজরদারিও চালানো হয়। রবীন্দ্রভবনের সংস্কার হলে ভালোই হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ