Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটবোঝাই ট্রাক্টর চলাচলে গ্রামে রাস্তার দফারফা, সংস্কারের দাবিতে বিক্ষোভ

গ্রামের রাস্তার ভিতর দিয়ে ইটবোঝাই ট্রাক্টর যাতায়াত করছে। বৃষ্টিতে রাস্তায় জল জমে দফারফা অবস্থা।

ইটবোঝাই ট্রাক্টর চলাচলে গ্রামে রাস্তার দফারফা, সংস্কারের দাবিতে বিক্ষোভ
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: গ্রামের রাস্তার ভিতর দিয়ে ইটবোঝাই ট্রাক্টর যাতায়াত করছে। বৃষ্টিতে রাস্তায় জল জমে দফারফা অবস্থা। প্রশাসনকে বারবার বলেও কোনও লাভ হয়নি। মঙ্গলবার সকালে কাটোয়ার যমুনাপাতাই গ্রামে রাস্তায় অবরোধ শুরু করেন বাসিন্দারা। তার জেরে দীর্ঘক্ষণ ধরে ওই রাস্তায় ইটবোঝাই বহু ট্রাক্টর আটকে ছিল। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সোচ্চার হন বাসিন্দারা। কাটোয়া-২ বিডিও আসিফ আনসারি বলেন, আমি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেব।

Advertisement

কাটোয়া-২ ব্লকের জগদানন্দপুর পঞ্চায়েতের যমুনাপাতাই গ্রামটি ছোট। কাটোয়া এসটিকেকে রোড থেকে ওই গ্রাম দিয়ে পাঁচ কিলোমিটার রাস্তা অগ্রদ্বীপ পঞ্চায়েতের মাখালতোড়ে উঠছে। সেখানে গিয়ে আবার পুরনো এসটিকেকে রোডের সঙ্গে মিশছে। যমুনাপাতাই গ্রামের মূল রাস্তা নিয়েই ক্ষোভ রয়েছে। বাসিন্দারা জানান, কয়েক মাস আগেই পানীয় জলের পাইপলাইনের কাজ হওয়ায় রাস্তা খোঁড়া হয়েছিল। কিন্তু অগ্রদ্বীপ এলাকার ভাটাগুলি থেকে প্রতিনিয়ত ইটবোঝাই করে যমুনাপাতাই গ্রামের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে রাস্তা আরও বেহাল হচ্ছে। বৃষ্টিতে খানাখন্দে ভরে গিয়েছে। জলকাদায় ওই রাস্তা ধরে যাতায়াত করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। গ্রামে একটি প্রাথমিক স্কুল রয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় বাসিন্দারা ছোট ছেলেমেয়েদের বাড়ির বাইরে বের হতে দিতে ভয় পান। এদিন সকাল সাড়ে ৭টা থেকে ওই রাস্তায় অবরোধ শুরু হয়। স্থানীয় বাসিন্দা ভৈরব মাঝি, রাহুল প্রধান বলেন, গ্রামের ভিতর ছোট রাস্তা দিয়ে কেন ভারী যানবাহন চলবে? রাজ্য সড়ক দিয়ে ইটবোঝাই গাড়ি যাতায়াত করুক। সারাদিন ধরে ট্রাক্টর চললে মানুষজন যাতায়াত করবেন কীভাবে? প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।
কাটোয়া-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল বলেন, আমরা ওই রাস্তা অবিলম্বে সংস্কার করে দেব। জগদানন্দপুর পঞ্চায়েতের সদস্য রূপা প্রধান বলেন, রাস্তাটি জেলা পরিষদের অধীনে। এই রাস্তা মেরামতের অনুমোদন হয়ে আছে। দ্রুত কাজ শুরু হবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ