সংবাদদাতা, রামপুরহাট: ঈদের আগেই বিয়ে করতে হবে বলে চাপ দিয়েছিল প্রেমিক। কিন্তু এখনই বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকা প্রেমিকার মুখে অ্যাসিড ছুড়ে চম্পট দিল প্রেমিক। অবশ্য গ্রামবাসীদের চাপে রবিবার গভীর রাতে নলহাটি থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত প্রেমিক। আমাইপুর গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পাইকর থানা এলাকার বাসিন্দা বছর ষোলোর ওই নাবালিকা দশম শ্রেণির ছাত্রী। অন্যদিকে অভিযুক্ত যুবক বছর আঠারোর আবু শেখের বাড়ি আমাইপুর গ্রামের দক্ষিণপাড়ায়। স্কুলপাড়ায় তার দিদিমার বাড়ি। সেখানে আসা যাওয়ার পথে ওই ছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। ক্রমেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে তারা। আবু বর্ধমানে নির্মাণ শ্রমিকের কাজ করে। ঈদ উপলক্ষ্যে কয়েকদিন আগে সে বাড়ি ফিরে আসে। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ তারা দেখা করে। অভিযোগ, সেখানেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয় আবু। কিন্তু নাবালিকা প্রেমিকা এখনই বিয়ে করতে রাজি নয় বলে জানিয়ে দেয়। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই প্রেমিকাকে ‘উচিত শিক্ষা’ দিতে পকেট থেকে শিশি বের করে তার মুখে অ্যাসিড ছুড়ে প্রেমিক চম্পট দেয়। ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদ শুনে স্থানীয়রা ওই নাবালিকাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন। পরে পরিবারের লোকজন তাকে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন। তার মুখ ছাড়াও হাত ও পায়ের অংশ অ্যাসিডে পুড়ে গিয়েছে।
এদিন মেডিক্যালের বেডে বসে ওই নাবালিকা বলে, আমি সাইকেল চালিয়ে বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম। সেই সময় আবু রাস্তায় হাত ধরে টেনে আমাকে মাঠে নিয়ে গিয়ে বলে এখনই বিয়ে করতে হবে। এই নিয়ে কথা কাটাকাটি হয়। আমি ঈদের পর ওকে তার বাড়িতে এবং আমি নিজের বাড়িতে জানাব বলি। পরিবার রাজি না হলে তখন দেখা যাবে বলার পরেও সে বিয়ে করার জন্য জেদ ধরে। কোনওমতেই রাজি না হওয়ায় সে গালিগালাজের পাশাপাশি আমার মোবাইল ও সাইকেল কেড়ে নেয়। এরপরই পকেট থেকে অ্যাসিড ভর্তি শিশি বের করে আমার মুখে ছিটিয়ে চলে যায়।
ছাত্রীর মা বলেন, ওদের ভালোবাসা সম্পর্কে কিছুই জানতাম না। মেয়ে এখনই বিয়েতে রাজি না হওয়ায় তার এতবড় ক্ষতি করে দিল। মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। আমরা অভিযুক্তর কঠোর সাজা চাই।
রবিবার রাতে আবু নামে থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার। পুলিস তার খোঁজে বাড়ি গেলেও সন্ধান মেলেনি। অবশেষে গ্রামবাসীদের চাপে গভীর রাতে থানায় আত্মসমর্পণ করে সে।
তবে অ্যাসিড হামলা রামপুরহাট মহকুমায় নতুন নয়। এর আগে নলহাটিতে প্রেমে প্রত্যাখান হয়ে রাস্তায় প্রেমিকার উপর অ্যাসিড হামলা চালায় প্রেমিক। কিছুদিন আগে তারাপীঠে এক কলেজ ছাত্রীর গায়ে ও মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। তার কিছুদিন পর রামপুরহাটে সম্পর্কের টানাপোড়নের জেরে জানালা দিয়ে ঘুমন্ত যুবতীর উপর অ্যাসিড ছোঁড়ে এক যুবক। গত মাধ্যমিক পরীক্ষার সময় নলহাটিতে এক পরীক্ষার্থীর হাতে অ্যাসিড দেওয়ার অভিযোগ ওঠে সহপাঠী নাবালকের বিরুদ্ধে। উল্লেখ্য, সোনার কাজে ব্যবহৃত অ্যাসিড এখানে সহজলভ্য। অ্যাসিড বিকিকিনির ক্ষেত্রে নিয়ম মানা হয় না বলেও অভিযোগ উঠছে।