Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হবিবপুরে প্রেমিকার বাড়ির পিছন থেকে প্রেমিক যুবকের মৃতদেহ উদ্ধার, উত্তেজনা

প্রেমিককে রাতে ফোন করে ডেকেছিল বিবাহিতা এক প্রেমিকা। সকালে প্রেমিকের মৃতদেহ উদ্ধার হয় প্রেমিকার বাড়ির পিছন থেকে।

হবিবপুরে প্রেমিকার বাড়ির পিছন থেকে প্রেমিক যুবকের মৃতদেহ উদ্ধার, উত্তেজনা
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, হবিবপুর: প্রেমিককে রাতে ফোন করে ডেকেছিল বিবাহিতা এক প্রেমিকা। সকালে প্রেমিকের মৃতদেহ উদ্ধার হয় প্রেমিকার বাড়ির পিছন থেকে। মৃতের পরিবারের অভিযোগ,পরিকল্পনা করে এই খুন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর ব্লকের পাথর অমরপুর এলাকায়। ঘটনার পর থেকেই প্রেমিকা সহ তার পরিবার পলাতক।

Advertisement

পুলিস সূত্রে খবর, মৃত যুবকের বাড়ি হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের ডুহুটোলায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর ভিনরাজ্যের এক যুবকের সঙ্গে বিয়ে হয়। তাঁর একটি ছোট সন্তানও রয়েছে। তবে পাঁচ বছর ধরে স্বামীর সঙ্গে তার সম্পর্ক নেই। ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকে। পাশের গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি ওই যুবকের পরিবার জানতে পারে। বিয়ে করলে ওই যুবকের পরিবার রাজি ছিল। মৃতের বাবা বলেন, বৃহস্পতিবার রাতে পরিবারের সকলে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। বাড়িতে শুধুমাত্র ছেলে ছিল। রাত ৩টে নাগাদ ফোন মারফত জানতে পারি ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তার প্রেমিকার বাড়ির পিছনে। তড়িঘড়ি বাড়ি ফিরে ঘটনাস্থলে যাই। সেখানে মাটিতে মৃতদেহ পড়ে থাকতে দেখি। মেয়েটির বাড়িতে গিয়ে দেখি তারা কেউ নেই। পুরো ঘটনা জানিয়ে থানায় অভিযোগ জানাব। 
হবিবপুর থানার পুলিস জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।   

সম্পর্কিত সংবাদ