Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটে সব বুথের বাইরে বসতে হবে বিএলওদের, নয়া নিদান কমিশনের

এসআইআর চলাকালীন কমিশনের ‘তুঘলকি’র জেরে বুথ লেভেল অফিসারদের (বিএলও) প্রতিনিয়ত নাকানিচোবানি খেতে হয়েছে।

ভোটে সব বুথের বাইরে বসতে হবে বিএলওদের, নয়া নিদান কমিশনের
  • ২১ মার্চ, ২০২৬ ১৭:০৩

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর চলাকালীন কমিশনের ‘তুঘলকি’র জেরে বুথ লেভেল অফিসারদের (বিএলও) প্রতিনিয়ত নাকানিচোবানি খেতে হয়েছে। আর এবার ভোটের পালা। জানা গিয়েছে, এবার ভোটের দিন সব ভোটকেন্দ্রের বাইরে বসতে হবে বিএলওদের। এমনই নিদান কমিশনের। এরই মধ্যে কমিশন জানিয়ে দিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে প্রতি দফায় সর্বোচ্চ ২৪০০ কোম্পানি আধাসেনা নিয়োগ করা হচ্ছে। বর্তমানে রাজ্যে মোতায়েন রয়েছে ৪৮০ কোম্পানি বাহিনী। জানা গিয়েছে, ১৭ এপ্রিলের মধ্যে আরও ৩০০ কোম্পানি আধাসেনা এসে পড়বে রাজ্যে। তারপর ধাপে ধাপে আসবে আরও ১৬২০ কোম্পানি।

Advertisement

এর আগে মূলত ভোটে বিএলওদের দায়িত্ব ছিল, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কমিশনের দেওয়া ভোটার স্লিপ বিলি। অর্থাৎ সংশ্লিষ্ট বুথের দায়িত্বে থাকা বিএলওকে প্রত্যেক ভোটারের কাছে স্লিপ বিলি করলেই কাজ শেষ হয়ে যেত। এবার সময় বদলেছে। কাজও। ইনিউমারেশন এবং শুনানি পর্ব তো ছিলই, প্রত্যেক বিএলওর কাঁধে ‘বাড়তি দায়িত্ব’ চাপিয়েছে কমিশন। এবারের নির্বাচনে সব ভোটকেন্দ্রের বাইরে বা পাশে একটি বুথ তৈরি হবে। ভোটের দিন ওই বুথে বসতে হবে বিএলওদের। কমিশনের পরিভাষায় এই বুথকে বলা হচ্ছে ‘ভোটার্স অ্যাসিট্যান্স বুথ’ বা ভিএবি। বিএলওরা ভোট দিতে আসা ভোটারদের সাহায্য করবেন এই বুথ থেকে। ভোটারকে তাঁর বুথ নম্বর, ক্রমিক নম্বর খুঁজে সাহায্য করবেন বিএলওরা। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ভোটকেন্দ্রের পাশে থাকা এই ভিএবি-গুলি কমিশনের লোগো দিয়ে সুস্পষ্টভাবে চিহ্নিত করা থাকবে। প্রত্যেক বুথের ভোটারের নাম ইআরও-নেট মারফত ইংরেজি বর্ণানুক্রমিকভাবে সাজানো থাকবে। এর ফলে বিএলওরা দ্রুততার সঙ্গে ভোটারের বুথ নম্বর ও ক্রমিক নম্বর চিহ্নিত করতে পারবেন। ওই আধিকারিক আরও জানিয়েছেন, ‘এবারের নির্বাচনে প্রত্যেক বিএলওকে ভোটের দিন বাধ্যতামূলকভাবে ভিএবি-গুলিতে বসতে হবে।’
তবে কমিশনের এই বাধ্যতামূলক পদক্ষেপে একাধিক প্রশ্ন তুলছেন বিএলওরাই। তাঁদের দাবি, এসআইআর পর্বে কমিশন বিএলওদের দিয়ে যা খুশি তাই করিয়েছে। কাজের চাপ সহ্য করতে না পেরে বহু বিএলওর মৃত্যু হয়েছে। তারপর এবার ভোটের দিন বাধ্যতামূলকভাবে বুথে বসার দায়িত্ব দেওয়া হচ্ছে। তাঁদের প্রশ্ন, যেসব বিএলও বুথে বসবেন, তাঁদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? এবিষয়ে কি কমিশনের কোনো স্পষ্ট নির্দেশিকা রয়েছে? উত্তর কলকাতার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের এক বিএলও প্রশ্ন তুলেছেন, ‘ভোটের দিন অশান্তির ঘটনা নতুন কিছু নয়। সেক্ষেত্রে আমাদের নিরাপত্তার কী হবে? কমিশন কীভাবে বিএলওদের নিরাপত্তা নিশ্চিত না করে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে?’ যাদবপুর বিধানসভা কেন্দ্রের একটি বুথের দায়িত্বে থাকা বিএলও তথা অঙ্কের শিক্ষক প্রশান্ত চৌধুরী বলেন, ‘প্রথমে আমাদের বলা হয়েছিল শুধুমাত্র এসআইআরের কাজ করতে হবে। কিন্তু তারপরও অঘোষিতভাবে কমিশন একাধিক দায়িত্ব কাঁধে চাপিয়েছে। এখন আবার ভোট!’ তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে এখনও কোনো স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি। অর্থাৎ কোথায় বিএলওদের জন্য এই বুথ তৈরি হবে? কতজন বিএলওকে একসঙ্গে বুথে বসতে হবে? এসব বিষয়ে কমিশনের কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। আর কত হয়রানি করবে কমিশন?’

সম্পর্কিত সংবাদ