Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা! মৃত্যু হল এক বিজেপি কর্মীর

আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক বিজেপির কর্মীর।

প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা! মৃত্যু হল এক বিজেপি কর্মীর
  • ৩০ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

সংবাদদাতা, হলদিবাড়ি: আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক বিজেপির কর্মীর। গতকাল, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে  হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ির তেঁতুলতলা এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, গতকাল, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মীরা। সেই বাসের ছাদেই উঠে বসেছিল কয়েকজন বিজেপি কর্মী।

Advertisement

রাস্তা দিয়ে ফেরার পথে কাশিয়াবাড়ির তেঁতুলতলা এলাকায় রাস্তার মাঝে থাকা হাইটবারে ধাক্কা লাগে এক বিজেপি কর্মীর। তখনই জ্ঞান হারায় সেই বিজেপি কর্মী। এরপর বাকি বিজেপি কর্মীরা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করে। তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মানিকগঞ্জ আউট পোস্টের পুলিস সূত্রে খবর, মৃত ওই বিজেপির কর্মীর নাম মিঠুন সরকার (২৬)। তাঁর বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি ১ নং গ্ৰাম পঞ্চায়েতের অমরখানা এলাকায়। এই বিষয়ে অমরখানা এলাকার বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্যা লক্ষ্মী সরকার জানিয়েছেন, গতকাল, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে বাসে করে ফিরছিলাম। বাসের ভিতরে জায়গা থাকলেও ৭-৮ জন দলীয় কর্মী আমাদের কথা না শুনে বাসের উপরে উঠেছিল। এরপর কাশিয়াবাড়ির তেঁতুলতলা এলাকায় রাস্তার মাঝে থাকা হাইটবার দেখে মাথা নীচু করেন তাঁরা। কিন্তু কোনওভাবে মিঠুনের মাথা ঠুকে যায় ওই হাইটবারে। তারপর তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি জলপাইগুড়ির এক বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে থেকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য যাতে করা হয় সেই ব্যাপারে রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ