Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে সমবায় ভোটে ফের বিজেপির ভরাডুবি, সমস্ত আসনে জিতল তৃণমূল

কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ভোটে ৭৮টি আসনেই জয়ী হল তৃণমূল।

কাঁথিতে সমবায় ভোটে ফের বিজেপির ভরাডুবি, সমস্ত আসনে জিতল তৃণমূল
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: সমবায় ভোটে আবার কাঁথিতে বিজেপির ভরাডুবি হল। কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ভোটে ৭৮টি আসনেই জয়ী হল তৃণমূল। শনিবারের ভোটে খাতাই খুলতে পারল না গেরুয়া পার্টি। গত ১৫ডিসেম্বর কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ডেলিগেট নির্বাচনে বিজেপিকে দুরমুশ করেছিল তৃণমূল। এদিন ভোটে ফের মুখ থুবড়ে পড়ল বিজেপি। বিধানসভা ভোটের আগে এই ফলাফলে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ভিত আরও মজবুত হল বলে রাজনৈতিক মহল মনে করছে।

Advertisement

কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ৭৮টি আসনের মধ্যে ১৩টিতে তৃণমূল আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল। ৬৫টি আসনের জন্য ১১টি নির্বাচন ক্ষেত্রে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত ভোট নেওয়া হয়। দু’-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট ছিল শান্তিপূর্ণ। কাঁথি জাতীয় বিদ্যালয়ে ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলি হয়। দুপুরে রামনগর কলেজে ভোটগ্রহণ কেন্দ্রে পুলিসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিধায়ক অখিল গিরি। ধাক্কাধাক্কিতে তিনি ডান হাতে চোট পান। তাঁর অভিযোগ, পুলিস বৈধ ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে। মোট ভোটার সংখ্যা ৫৮হাজার ১৫০জন। তারমধ্যে ৫২.৩০শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অমিয় হোতা জানান। 
বিকেল ৩টের পর গণনা শুরু হয়। এগরা থেকে রামনগর, কাঁথি থেকে খেজুরি সর্বত্র তৃণমূল প্রার্থীদের জয়ের খবর আসতে শুরু করে। খেজুরি-২ ব্লক নিয়ে তৃণমূল নেতৃত্ব একটু টেনশনে ছিল। গণনা শেষে দেখা যায়, সেখানেও তৃণমূল পাঁচে পাঁচ। সেই খবর বাইরে আসতেই খেজুরি আদর্শ বিদ্যাপীঠের সামনে শাসকদলের কর্মীরা উচ্ছ্বাসে মাতেন। কাঁথি এবং এগরা মহকুমার ১৩টি ব্লকে ওই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের পরিধির মধ্যে রয়েছে। ওই ব্লকগুলিতে ১৩টি নির্বাচন ক্ষেত্র করা হয়েছিল। পটাশপুর-১ ও ২ ব্লকে ১১টি আসনে বিজেপির কোনও প্রার্থী ছিল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই দুই কেন্দ্রে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছিলেন। এছাড়াও মহিলা সংরক্ষিত দু’টি আসনে ভোটের আগেই তৃণমূল জিতেছিল। ভগবানপুর-২ ব্লকে মোট আসন সাতটি। সেখানে বিজেপির কোনও প্রার্থী ছিল না। প্রার্থী তালিকায় তৃণমূলেরই আটজন থাকায় ভোট হয়। দলের পক্ষ থেকে লড়াই করতে নিষেধ করা গড়বাড়ি-১ পঞ্চায়েত প্রধান স্বপন দাস মাত্র ২৪টি ভোট পান। শাসকদলের অফিসিয়াল প্যানেলের সবাই জয়ী হন। ওই কেন্দ্রে মোট ভোটার ৫৪১৩। ভোট দিয়েছেন মাত্র ৯৭৩জন। 
বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায় বলেন, এই ভোটে জেতার জন্য তৃণমূল মনোনয়ন পর্ব থেকেই হুমকি দেওয়া শুরু করে। ভোটের দিনেও ওরা সন্ত্রাস করেছে। প্রায় অর্ধেক সদস্য ভোট দেননি। বিধানসভা ভোটে এর কোনও প্রভাব পড়বে না। সমবায়ের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের তৃণমূল নেতা আশিস চক্রবর্তী বলেন, সন্ত্রাসের অভিযোগ মিথ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার ক্ষেত্রে সমবায় বিশেষ ভূমিকা নিচ্ছে। তারজন্যই সমস্ত সমবায়ে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হচ্ছেন। এই জয়ের ফলে কাঁথি এবং এগরা মহকুমা দলের ভিত আরও শক্ত হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ