নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পানিহাটিতে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে উঠেছে। কর্মীদের হাতে আক্রান্ত হলেন বিজেপির মণ্ডলের সাধারণ সম্পাদক সুমন মুখোপাধ্যায়। শুক্রবার পানিহাটির আজাদ হিন্দ নগরে তাঁকে মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁকে পানিহাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘোলা থানা তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজাদ হিন্দ নগরে বিজেপির পানিহাটি ৩ নম্বর মণ্ডলের অফিসে শুক্রবার ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করেন দলীয় কর্মীরা। এই উপলক্ষ্যে তাঁরা যখন ব্যানার, পতাকা, পোস্টার লাগাচ্ছিলেন, তখন ওই মণ্ডলের সাধারণ সম্পাদক সুমন মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। সেই সময় কর্মীদের হাতে আক্রান্ত হন তিনি। আক্রান্ত বিজেপি নেতার অভিযোগ, ‘পোস্টার লাগানোর সময় দলীয় কর্মী শুভঙ্কর গুহ ওরফে রাজা এবং সুরজিৎ মালিক ওরফে রানা আমার উপর হামলা চালায়। আমাকে মাটিতে ফেলে মারধর করে। স্থানীয় মানুষ এগিয়ে না এলে ওরা আমাকে মেরে ফেলত। আসলে মণ্ডলের বৈঠকে উচিত কথা বলায় আমাকে আক্রান্ত হতে হল। এর পিছনে বিজেপির এক পুরনো নেতার মদত রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ চাউর হতেই গেরুয়া শিবিরে অস্বস্তি বেড়েছে। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে বলেন, বিজেপি নিজেদের গোষ্ঠীকোন্দল নিয়েই ব্যস্ত। বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।