নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী মরশুমে শক্তিশালী দল গড়তে মরিয়া ইস্ট বেঙ্গল। সেই লক্ষ্যেই মুম্বই সিটির উইং-হাফ বিপিন সিংকে সই করালো লাল-হলুদ ব্রিগেড। গত কয়েকদিন ধরেই ফুটবলারটির এজেন্টের সঙ্গে কথা চালাচ্ছিল ইস্ট বেঙ্গল। শুক্রবার চুক্তিতে সই করেন বিপিন। আই লিগে লাজং এফসি’র হয়ে নজর টানার পর তাঁকে তুলে নেয় এটিকে। ২০১৮ সালে মুম্বই সিটি সই করায় তাঁকে। আইএসএলে লোবেরা ব্রিগেডের লিগ-শিল্ড জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তাঁর। মেগা ম্যাচে মোহন বাগানের বিরুদ্ধে লক্ষ্যভেদও করেন বিপিন। লাল-হলুদ জার্সিতে তাঁর সাফল্য পাওয়া নিয়ে বেশ আশাবাদী থিঙ্কট্যাঙ্ক। মূলত বাঁ পায়ের এই ফুটবলারটি উইং হাফ হিসাবেই খেলতে অভ্যস্ত। কিন্তু ইস্ট বেঙ্গলে একই পজিশনে পিভি বিষ্ণু ও নাওরেম মহেশ সিং রয়েছেন। জাতীয় দলেও এখন নিয়মিত নন তিনি। এরপরেও ৩০ বছর বয়সি বিপিনকে নেওয়ার যুক্তি নিয়ে প্রশ্ন থাকছেই।



