লন্ডন: জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্টে শতরান করেছেন ইংল্যান্ডের প্রথম তিনজন ব্যাটসম্যান। তবে প্রাক্তন ক্রিকেটার জিওফ্রে বয়কট মনে করছেন যে, ওই সেঞ্চুরি দেখে জ্যাক ক্রলি, ওলি পোপকে নিয়ে বাড়তি উচ্ছ্বসের কারণ নেই। ভারতের বিরুদ্ধে আসন্ন পাঁচ টেস্টের সিরিজই তাঁদের আসল পরীক্ষা বলে নিজের কলামে লিখেছেন তিনি। বয়কটের মতে, ‘রাতারাতি এটা বলা যায় না যে, ক্রলি ও পোপের টেকনিক এবং মানসিক জড়তা কেটে গিয়েছে। কারণ, জিম্বাবোয়ের বোলিং ছিল একেবারে গড়পড়তা। ওদের মিডিয়াম পেসাররা ক্রলি ও পোপের ব্যাটিংয়ের দুর্বলতা খুঁজে বের করতেই পারেনি। আমি মনে করি, ওদের যোগ্যতা বোঝার জন্য ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য অপেক্ষা করতে হবে। তখনই ধরা পড়বে ভালো বোলিংয়ের বিরুদ্ধে রান করার মতো উন্নতি এই দু’জনের হয়েছে কিনা।’



