সংবাদদাতা, বেলদা: কেশিয়াড়ি থানার ভীমমেলা এলাকায় ভীমপুজো উপলক্ষ্যে আয়োজিত মেলা এবার ২৫বছরে পড়ল। মঙ্গলবার ভীমমেলা স্টার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন হল। আটদিন ধরে আগামী ১এপ্রিল পর্যন্ত মেলা চলবে। মঙ্গলবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিস সুপার ধৃতিমান সরকার। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা কল্পনা শীট, নির্মাল্য চক্রবর্তী, বেলদা মহকুমা পুলিস আধিকারিক রিপন বল, কেশিয়াড়ি থানার আইসি বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা। মেলা কমিটির সম্পাদক পঙ্কজ ঘোষ বলেন, আটদিনের এই মেলায় নানা ধরনের অনুষ্ঠান থাকছে। ছোটদের আনন্দ দিতে থাকছে নাগরদোলা থেকে শুরু করে অন্যান্য উপকরণ। এছাড়াও মেলায় কেশিয়াড়ির আদিবাসীদের জন্য থাকছে নানা অনুষ্ঠান। মেলা কমিটির সভাপতি দিব্যেন্দু ঘোষ, যুগ্ম কোষাধ্যক্ষ তাপস ঘোষ ও সুখেন্দু ঘোষ বলেন, ২৫ বছর ধরে চলে আসছে আমাদের এই মেলা। রজতজয়ন্তী বর্ষে এবার মেলায় আগামী শনিবার আসছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। ৩১ মার্চ আসছেন মিমি চক্রবর্তী। টানা আটদিন ধরে প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান। বুধবার আশেপাশের সমস্ত গ্রামবাসীদের নিয়ে মেলা প্রাঙ্গণে আয়োজিত হয়েছিল মহোৎসবের। কয়েক হাজার মানুষ একসঙ্গে যোগ দিয়ে এই মহোৎসবে প্রসাদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক মানুষের হাতে মশারি ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।-নিজস্ব চিত্র



