নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় বিধানসভা ভোট হতে বাকি প্রায় সাত মাস। তার আগে জেলা পর্যায়ে নেতৃত্ব বদলের পর্ব সেরে ফেলল বঙ্গ বিজেপি। এই মুহূর্তে রাজ্যে গেরুয়া পার্টির ৪৩টি সাংগঠনিক জেলা রয়েছে। তার মধ্যে ৩৯টি জেলায় সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নয়া সভাপতিদের নাম ঘোষণা করেছিলেন। যদিও বহু ক্ষেত্রেই পুরনো জেলা সভাপতিদের রেখে দেওয়া হয়েছিল। যা নিয়ে দলের অন্দরে গুঞ্জন উঠেছিল জেলায় নিজের টিম ধরে রাখতেই সুকান্তবাবু এই পদক্ষেপ করছেন। তার মাঝে ৩ জুলাই শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নেন। বুধবার বকেয়া ৪টি জেলা সভাপতির নামে সিলমোহর দিলেন শমীকবাবু। যার মধ্যে বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে তরুণ নেতা তাপস ঘোষকে। দার্জিলিং, বনগাঁ, ঘাটালের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে সঞ্জীব তামাং, বিকাশ ঘোষ ও তন্ময় দাস। সূত্রের দাবি, পার্টির সংবিধান অনুযায়ী নতুন সভাপতি আগের জেলা সভাপতিদের সরিয়ে দিতে পারেন। নিজে নতুন সভাপতি ঘোষণা করতে পারেন। এখন দেখার শমীকবাবু সেই পথে হাঁটেন কী না। নাকি শিয়রে ভোট থাকায় জেলার ভারসাম্য নষ্ট না করে নিজের পূর্বসূরির পছন্দের সভাপতিদের নিয়েই সন্তুষ্ট থাকেন।



