নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: শোক নয়, যেন আনন্দ! ১০৫ বছরের বৃদ্ধের মৃত্যুতে ব্যান্ডপার্টি বাজনা বাজিয়ে শেষকৃত্য সম্পন্ন করলেন পরিবারের সদস্যরা। শ্মশান যাত্রার এমন দৃশ্য দেখে কার্যত থ হয়ে যায় আমজনতা। বৃহস্পতিবার সকালে পুরুলিয়া শহরের অমরেশপল্লির বাসিন্দা ঘষারামলাল বেগীর। পরিবারের দাবি, বয়সজনিত কারণে তাঁর মৃত্যু হয়। এদিন দুপুরে তাঁর মৃতদেহ নিয়ে বোঙাবাড়ি শ্মশানের উদ্দেশে রওনা দেয় পরিবার। কীর্তনের দল যেমন ছিল, তেমনই ছিল ব্যান্ডপার্টি। শ্মশানযাত্রীদের মধ্যে অনেককে আবার নাচতেও দেখা যায়। বৃদ্ধের ছেলে রাজুলাল বেগী বলেন, আজকাল তো কেউ ১০০ বছর বাঁচে না। কিন্তু, আমার বাবা ১০০ বছরের বেশি বেঁচেছেন। এটা তো অনেক আনন্দের খবর। তাই তাঁর নাতি নাতনিরা মিলে এই আয়োজন করেছে।



