Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১০ বছর আগে তৈরি বাজার চালু হয়নি, সমস্যা

১০ বছর আগে তৈরি বাজার চালু হয়নি, সমস্যা
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ শহরের প্রতাপনগরে পালবাজারের কাছে সব্জি বিক্রেতাদের জন্য আস্ত বাজার তৈরি করেছিল পুরসভা। তা প্রায় ১০বছর আগের কথা। এখনও সেই বাজার চালু হয়নি। ফলে রাস্তার উপরই সব্জি কেনাবেচা চলছে। যার জেরে যানজটে স্থানীয় বাসিন্দা, স্কুলপড়ুয়া ও অন্য পথচারীদের সমস্যায় পড়তে হচ্ছে। এলাকার মানুষের দাবি, অবিলম্বে এই বাজার চালু করা হোক। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, ওই বাজারে একটি অনুষ্ঠানহল তৈরিরও পরিকল্পনা ছিল। সেটা হয়ে ওঠেনি। ওই প্রকল্পে আর টাকা নেই। বাজারটা ঠিকঠাক করতে ও অনুষ্ঠানবাড়ি গড়তে টাকার প্রয়োজন। এখন পুরসভার তহবিল থেকেই সেই কাজ শেষ করা হবে। নবদ্বীপ শহরের ৫ নম্বর ওয়ার্ডের প্রতাপনগরে আইএইচএসডিপি প্রকল্পে এটি গড়ে তোলা হয়েছিল। প্রায় ৪৫০ বর্গফিট জায়গায় পাকা ছাদযুক্ত চারটি শেড তৈরি করা হয়েছিল। এর জন্য সেসময় প্রায় চার লক্ষ টাকা ব্যয় হয়েছিল। এখন ওই সমস্ত স্থায়ী শেডের রং উঠে গিয়েছে। চারদিক জঙ্গল ও আবর্জনায় ভরে গিয়েছে। ওই বাজারে ঢোকার রাস্তার উপরে কিছু মাংস ও সব্জি বিক্রেতা বসছে। প্রতাপনগরের পালবাজার মেইন রাস্তা থেকে দেবরাজপুর যাওয়ার রাস্তার ধারে বসে সকাল থেকে দুপুর অবধি সব্জি ও মাংস বিক্রি করছেন ব্যবসায়ীরা। এই বাজার বসায় যানজটে দুবরাজপুর, রুদ্রপাড়া, বাবাজিপাড়া সহ আশপাশের এলাকার বাসিন্দা, স্কুলপড়ুয়ারা সমস্যায় পড়ছে। এই রাস্তা দিয়েই প্রাচীন মায়াপুরের বিস্তীর্ণ এলাকার মানুষও যাতায়াত করেন। অনেকেই এরাস্তা দিয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালেও যান। রাস্তার পাশে একটি কমিউনিটি হলের পেছনেই বাজারটি তৈরি হয়েছে।
Advertisement
এলাকার বাসিন্দা রঞ্জিত ঘোষ বলেন, রাস্তার উপর বাজার বসে। সমস্যা তো হয়ই। এই স্থায়ী বাজারটা চালু হয়ে গেল খুবই ভালো হয়। অপর বাসিন্দা শিবু বণিক বলেন, আর কতদিন এভাবে যাতায়াতে সমস্যা হবে? অবিলম্বে ওই বাজার চালু হোক। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঝন্টুলাল দাস বলেন, এই রাস্তার উপর সব্জি বাজার বসে। সেকারণে পুরসভার চেয়ারম্যান স্থায়ী বাজারটি তৈরির পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু জায়গাটা একটু ভেতরে হয়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী সেখানে বসতে চাইছেন না। সম্প্রতি ওই সব্জি বিক্রেতাদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা ওই বাজারে যেতে রাজি হয়েছেন। ওই বাজারের কাজ তাড়াতাড়ি শেষ করে রাস্তা থেকে ওখানে ব্যবসায়ীদের সরিয়ে নিয়ে যাওয়া হবে।
সম্পর্কিত সংবাদ