ঢাকা: আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল বাংলাদেশের পার্বত্য এলাকা খাগড়াছড়ি। শনিবার থেকে সেখানে অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে রবিবার পর্যন্ত চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, রাঙামাটি ও সাজেকের রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ রয়েছে। এর মধ্যেই রবিবার গুইমারা উপজেলার রামেসু বাজারে পুলিশ ও সেনার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। তাতে বেশ কয়েকজন আহত হয়েছে। অশান্তির সুযোগে রামেসু বাজারে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাতে বেশ কয়েকটি দোকান ও বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। অনেকগুলি বাইকও পুড়ে যায়। খাগড়াছড়ি শহরও আজ সারাদিন থমথমে ছিল। সব দোকান ও বাজার বন্ধ ছিল। বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী। সাজেকে আটকে পড়া প্রায় আড়াই হাজার পর্যটককে শনিবার সেনাবাহিনীর উদ্যোগে ঢাকায় পাঠানো হয়।



