Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জামিন শর্মিষ্ঠার

অবশেষে কলকাতা হাইকোর্টে জামিন পেলেন পুনের পুণে বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলি। অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জন্য ওই তরুণীর বিরুদ্ধে কলকাতায় অভিযোগ দায়ের হয়েছিল।

জামিন শর্মিষ্ঠার
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে কলকাতা হাইকোর্টে জামিন পেলেন পুনের পুণে বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলি। অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জন্য ওই তরুণীর বিরুদ্ধে কলকাতায় অভিযোগ দায়ের হয়েছিল। যার জেরে তাঁকে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিস। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চ দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে।  পাশাপাশি পুলিসকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা বসু চৌধুরী। জামিনের শর্ত হিসাবে আদালত জানিয়েছে, শর্মিষ্ঠাকে তদন্তে সাহায্য করতে হবে। তিনি দেশের বাইরে যেতে পারবেন না। পাসপোর্ট জমা রাখতে হবে। বিদেশে যেতে হলে নিম্ন আদালতের অনুমতি নিতে হবে। সেইসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, আপাতত শর্মিষ্ঠাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। পড়াশোনার কাজে তিনি পুণেতে যেতেও পারবেন। এর আগে এই মামলায় রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছিল হাইকোর্ট। পাশাপাশি আদালত জানিয়েছিল, তরুণীর বিরুদ্ধে অন্য থানায় দায়ের হওয়া মামলার তদন্ত স্থগিত থাকবে। নতুন করে আর কোনও মামলাও দায়ের করা যাবে না। আদালত জানিয়েছিল, বাকস্বাধীনতার অধিকার থাকলেও কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করা যায় না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ