Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শহীদ স্মরণে দলনেত্রী কী বার্তা দেন, নজর সেদিকেই, ৩ জেলার তৃণমূলের লক্ষাধিক কর্মী-সমর্থক কলকাতার পথে

তিন জেলারই বিভিন্ন রুটের বাসে যাচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা

শহীদ স্মরণে দলনেত্রী কী বার্তা দেন, নজর সেদিকেই, ৩ জেলার তৃণমূলের লক্ষাধিক কর্মী-সমর্থক কলকাতার পথে
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া, বাঁকুড়া ও আরামবাগ: আজ সোমবার ২১জুলাইয়ের শহিদ সমাবেশে যোগ দিতে কলকাতা রওনা দিলেন পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগের লক্ষাধিক তৃণমূল কর্মী-সমার্থক। ২০২৬সালের বিধানসভা নির্বাচনের আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা-কর্মীদের উদ্দেশে কী বার্তা দেন, তা শোনার অপেক্ষায় তৃণমূল কর্মীরা। তিন জেলারই বিভিন্ন রুটের বাসে যাচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাই আজ, যাত্রী ভোগান্তির আশঙ্কাও করা হচ্ছে।  গত কয়েকদিন ধরেই পুরুলিয়া থেকে তৃণমূল নেতা কর্মীরা ধর্মতলার উদ্দেশে রওনা দিতে শুরু করেছেন। শনি ও রবিবার পুরুলিয়া থেকে হাওড়াগামী ট্রেনে চড়েন কয়েক হাজার কর্মী-সমর্থক। রবিবারও তার অন্যথা হল না। শনিবার রাতে শতাধিক মহিলা কর্মী-সমর্থককে নিয়ে ট্রেনে ওঠেন রাজ্য মহিলা সভানেত্রী সুমিতা সিং মল্ল। রবিবার সকাল থেকেই বিভিন্ন ব্লকের নেতা, সভাপতিরা কর্মীদের নিয়ে ট্রেনে ওঠেন। ইতিমধ্যেই কলকাতা পৌঁছেছেন জেলা সভাপতি রাজীবলোচন সোরেন, বিধায়ক সুশান্ত মাহাত, যুব সভাপতি গৌরব সিং। বিধায়ক সুশান্তবাবু বলেন, পুরুলিয়া থেকে হাজার হাজার কর্মী-সমর্থক কলকাতা এসে পৌঁছেছেন। তাঁদের থাকা খাওয়ার যাতে কোনও সমস্যা না হয়, তা দেখা হচ্ছে।

Advertisement

এদিন বাঁকুড়ার তৃণমূল নেতা-কর্মীরা ধর্মতলার সভার উদ্দেশে রওনা দেন। সাংসদ অরূপ চক্রবর্তী অনুগামীদের নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দেন। জঙ্গলমহলের আদিবাসীদের কলকাতায় নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন সাংসদ। শতাধিক বাসের ব্যবস্থা করেছেন। সাংসদের তরফে বিশেষ টি-শার্ট তৈরি করা হয়েছে। তা পরে কলকাতায় জেলার তৃণমূল কর্মীরা মিছিল করবেন। বাঁকুড়ায় তৃণমূলের তরফে ৪০০টি বাস নেওয়া হয়েছে। আজ সপ্তাহের প্রথম কাজের দিন রাস্তায় সরকারি-বেসরকারি বাসের সংখ্যা কম থাকবে। ফলে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপবাবু বলেন, জেলা তৃণমূলের পক্ষ থেকে কর্মী-সমর্থকদের কলকাতায় নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। আমি একশোরও বেশি বাসে জঙ্গলমহলের আদিবাসীদের কলকাতায় নিয়ে যাব। আদিবাসী শিল্পীরা ধামসা-মাদল নিয়ে ধর্মতলা যাবেন। জেলা থেকে মোট ৪০০টি বাস কলকাতার সভায় যাবে। আমরা বেশি লোক ট্রেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভিনজেলা থেকে রিজার্ভ বাস আনা হয়েছে। সরকারি বাসেরও ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে যত কম সম্ভব লাইনের বাস নেওয়া হয়েছে।  তৃণমূল কর্মী মাধব ঘোষ, সুকমল কিস্কু বলেন, বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাইয়ের সভায় যাওয়ার জন্য আমরা দু’দিন খেতখামারের কাজ বন্ধ রাখব। দলের জন্য এটুকু ত্যাগ স্বীকার করতেই হবে।  আরামবাগ মহকুমার কর্মী-সমর্থকরা রবিবারই রওনা দিয়েছেন। কর্মীদের জন্য বাস সহ নানা ধরনের গাড়ির ব্যবস্থা করেছে তৃণমূল নেতৃত্ব। রবিবারই বিভিন্ন রুটে বাস কম চলে। সমস্যায় পড়েন যাত্রীরা। এসবিএসটিসির অনলাইন টিকিট কাটার ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। কাউন্টারে এসে টিকিট কাটতে হয়েছে যাত্রীদের। আরামবাগের সাংসদ তৃণমূলের মিতালি বাগ বলেন, কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। অনেকেই আরামবাগ থেকে এদিন বিকেলেই রওনা হয়েছেন। বাস ও ট্রেনে চেপে কর্মীরা যাচ্ছেন।  বাস মিনিবাস অপারেটর্স ওয়েলফেয়ার সংগঠনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বলেন, এদিন প্রায় সব রুটেই বাস চলেছে। আজও পরিষেবা চলবে। তবে স্বাভাবিকের তুলনায় বাস কম থাকবে। অনেক বাসই সভায় যাওয়ার জন্য বুক হয়েছে।  পুরুলিয়া স্টেশনে তৃণমূল কর্মী-সমর্থকরা। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ