নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধায়ক হুমায়ুন কবিরের কাছে দলগত অবস্থান জানতে পদক্ষেপের পথে বিধানসভার সচিবালয়। কোন দলে তিনি আছেন, তা লিখিতভাবে বা কাগজপত্র মারফৎ জানে না বিধানসভা কর্তৃপক্ষ। সেই সূত্রেই হুমায়ুনের কাছে ব্যাখা চাওয়ার তোড়জোড় শুরু হয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন হুমায়ুন কবির। দল বিরোধী কাজের অভিযোগে হুমায়ুনকে সাসপেন্ড করে তৃণমূল। এই সাসপেন্ডের বিষয়টি তৃণমূলের তরফে বিধানসভা সচিবালয়কে জানানো হয়েছিল। কিন্তু চলতি সপ্তাহের সোমবার নতুন দল গঠন করেছেন তিনি। কিন্তু এই সংক্রান্ত কোনও খবর হুমায়ুনের তরফে বিধানসভাকে জানানো হয়নি বলে অভিযোগ। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন কবির বিধানসভার খাতায় নির্দল বিধায়ক হিসেবে চিহ্নিত। এখন উনি নতুন দল গঠনের একটি খবর শুনেছি। ওঁর দলগত অবস্থান নিয়ে ব্যাখ্যা চাইতে পারি। প্রয়োজনে ডেকে পাঠানো হতে পারে।



